সুরমা নদীর সেতু মেরামতে লোহার বদলে বাঁশ

সিলেটে সুরমা নদীর ওপর নির্মিত তৃতীয় শাহজালাল সেতু মেরামতে লোহার বদলে বাঁশ ব্যবহার করতে দেখা গেছে। সম্প্রতি সেতুর এক্সপানশন জয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ার পর এর তিনটি লোহার পাত চুরি হয়ে যায়। 

এই জয়েন্টগুলো মেরামতে লোহার পাতের বদলে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ বাঁশ ব্যবহার করেছে। 

সেতু দিয়ে রোববার মোটরসাইকেলে যাওয়ার সময় এক ব্যক্তি মোবাইল ফোনে বাঁশ ব্যবহারের ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেন। 

সোমবার সকালে গণমাধ্যমের পক্ষ থেকে সরজমিনে গিয়েও সেতুতে লোহার পাতের বদলে বাঁশ ব্যবহারের প্রমাণ পান। 
শ্রমিকরা জানান, ওভারলোডেড গাড়ি চলাচলের কারণে সেতুর তিনটি এক্সপানশন জয়েন্টের লোহার পাত উঠে যায়। পাতগুলো এরপর চুরি হয়ে গেলে তার বদলে বাঁশ ব্যবহার করে সেতুর ফাঁক মেরামত করা হয়েছে। 

সওজ সিলেটের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নুরুল মজিদ চৌধুরী বলেন, ওভারলোডেড গাড়ির কারণে সেতুর জয়েন্টের লোহার পাতগুলো ভেঙে উঠে যায়। এরপর তা চুরিও হয়ে যায়। নতুন করে ওই পাতগুলো লাগানো সম্ভব হয়নি, তাই বাঁশ দিয়ে বিটুমিন ঢেলে পিচ করে দেওয়া হয়। কাজটি অবশ্যই ক্ষণস্থায়ী। নষ্ট হয়ে গেলে আবার ঢালাই দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ সেতুতে বাঁশ ব্যবহারকে 'ঝুঁকিপূর্ণ' উল্লেখ করে সওজের সাবেক একজন প্রকৌশলী বলেন, সেতুর এক্সপানশন জয়েন্টে বিভিন্ন কারণে স্টিল বা লোহার পাত ব্যবহার করা হয়। ভূমিকম্প, ওভারলোডেড গাড়ি বা অন্য কোনো কারণে সেতুতে ঝাঁকুনির সৃষ্টি হলে তা যাতে স্প্রিং করে; তা অন্যতম কারণ। ফলে লোহা বা স্টিলের পাতের বদলে বাঁশ ব্যবহার ঝুঁকিপূর্ণ।