সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ অসুস্থ খালেদা জিয়ার জামিনের বিষয়ে যে আদেশ দিয়েছেন তা রিভিউ আবেদন করা নিয়ে আলোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। তবে কবে নাগাদ রিভিউ আবেদন করা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি তারা। এছাড়া খালেদা জিয়ার স্বজনরা তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারের কাছে যে আবেদনের কথা বলেছিলেন তা নিয়েও আলোচনা করেছেন তারা। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায়
বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে নিয়ে আলোচনা করেন তারা। বৈঠক শেষে দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির এক সদস্য।
স্থায়ী কমিটির ওই সদস্য বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ যে আদেশ দিয়েছে তার বিরুদ্ধে রিভিউ করার সুযোগ আছে। সে সুযোগ বিএনপি নিতে চায়। শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন তারা।
বৈঠক শেষে অন্যান্য সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করলেও গতকাল বৈঠকের পর করেননি।
গত বছর ১২ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ। এ সময় আদালত তার পর্যবেক্ষণে বলেছে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও এ বিষয়ে তার অনুমতি পাওয়া যাচ্ছে না। তিনি সম্মতি দিলে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে উন্নত চিকিৎসা দেওয়ারও নির্দেশ দেয় আদালত।
বৈঠকে স্কাইপির মাধ্যমে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।স
বৈঠক থেকে সরাসরি হাসপাতালে গয়েশ^র : বৈঠক চলাকালে হঠাৎ করে গুলশান কার্যালয় থেকে বেরিয়ে যান গয়েশ^র চন্দ্র রায়। তার মোবাইলে ফোন করা হলে তিনি দেশ রূপান্তরকে বলেন, শরীরটা ভালো না। হাসপাতালে যাচ্ছি। পরে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও তার পুত্রবধূ নিপুণ রায় চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ওনাকে ধানম-ির মডার্ন হাসপাতালে ভর্তি করা হবে।খালেদা জিয়ার সঙ্গে আজ স্বজনরা সাক্ষাৎ করবেন : খালেদা জিয়ার এক স্বজন গতকাল রাতে দেশ রূপান্তরকে জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে আজ মঙ্গলবার বিকেলে তারা সাক্ষাৎ করবেন।