বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব অপকর্ম ও দুঃশাসনের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে জনগণের কাছে জবাবদিহি করার সময় অত্যন্ত সন্নিকটে। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী সরকার ফ্যাসিবাদী আচরণের আশ্রয় নিয়ে দেশকে ক্রমান্বয়ে ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকারকে
পাত্তা না দিয়ে বাকশালি কায়দায় বিরোধী দল ও মত দমনে বেপরোয়া হয়ে উঠেছে। তিনি বলেন, বিএনপিসহ সরকারবিরোধী দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরির মাধ্যমে মামলা দিয়ে গ্রেপ্তার ও কারান্তরীণ করা হচ্ছে। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শিপনকে গ্রেপ্তার বর্তমান গণধিকৃত সরকারের ধারাবাহিক অপকর্ম থেকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি গণবিরোধী সরকারের চলমান দমন নীতিরই ধারাবাহিকতা। বিবৃতিতে অবিলম্বে মামুনুর রশিদ শিপনের বিরুদ্ধে ‘দায়ের করা অসত্য মামলা’ প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান বিএনপি মহাসচিব।