ইউপি সদস্য খুন

হবিগঞ্জে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খুন হয়েছেন। নিহত অরুণ দাস (৬০) বানিয়াচং উপজেলার পুকড়া ইউপির ২নং ওয়ার্ডের সদস্য।

মঙ্গলবার স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তার মরদেহটি একটি পুকুরপাড় থেকে উদ্ধার করেছে। পুকড়া ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার রাতে সনাতন ধর্মাবলম্বীদের একটি উৎসবে যোগ দেওয়ার উদ্দেশে পার্শ্ববর্তী কবিরপুর গ্রামে যান অরুণ দাস। এরপর তিনি বাড়িতে ফেরেনি। পরদিন মঙ্গলবার সকালে পুকড়া গ্রামে তার বাড়ি থেকে ২শ গজ দূরে একটি পুকুর পাড়ে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

চেয়ারম্যান বলেন, তার কোন শত্রু ছিল বলে আমার জানা নেই। তবে তিনি এলাকায় চুরি-ডাকাতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম মিয়া বলেন, এটি নিঃসন্দেহে একটি খুন। তার বাম চোখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর তাকে ফেলে রাখা হয়েছে। এ ব্যাপারে তদন্তে নেমেছে পুলিশ।

ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। নিহত অরুণ দাস ২ ছেলে ২ মেয়ের বাবা।