বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পেয়েছে ডেল্টা হাসপাতাল লিমিটেড। এজন্য যোগ্য বিনিয়োগকারীদের বিডিংয়ের (নিলাম) মাধ্যমে কোম্পানিটির সাধারণ শেয়ারের প্রান্ত মূল্য (কাট-অফ প্রাইস) নির্ধারণ করা হবে। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫০ কোটি টাকা সংগ্রহ করবে ডেল্টা হাসপাতাল। গতকাল এ কোম্পানির শেয়ার নিলামের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
পুঁজিবাজার থেকে ৫০ কোটি টাকার তহবিল উত্তোলন করে যন্ত্রপাতি ক্রয়, ব্যাংকঋণ পরিশোধ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে হাসপাতালটি। গত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ টাকা ১০ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ৪৫ টাকা ৮৪ পয়সা। ভারিত গড়হারে ইপিএস ১ টাকা ৯১ পয়সা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। প্রসঙ্গত উল্লেখ্য, এখন থেকে বুক বিল্ডিং পদ্ধতিতে কোনো কোম্পানির শেয়ারের প্রান্তমূল্য নির্ধারণে নিলামে অংশগ্রহণ করা যোগ্য বিনিয়োগকারীদের নিলাম শুরুর প্রথম দিন থেকে পূর্ববর্তী পঞ্চম কার্যদিবস শেষে তালিকাভুক্ত সিকিউরিটিজে ন্যূনতম ১ কোটি টাকা বিনিয়োগ থাকতে হবে।