অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিত গ্রামীণফোনের একটি অস্থায়ী টাওয়ার গতকাল মঙ্গলবার হঠাৎ করেই ভেঙে পড়েছে। তবে এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। মেলার দায়িত্বপ্রাপ্ত ইলেকট্রিশিয়ান শাওন দেশ রূপান্তরকে জানিয়েছেন, বিকেল সাড়ে ৪টার দিকে মেলার লিটলম্যাগ চত্বরের পেছনে ‘বিসমিল্লাহ কাবাব’ নামে একটি দোকানের পাশে স্থাপন করা টাওয়ারটি ভেঙে পড়ে।
বইমেলায় দায়িত্বরত ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম সুমন বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে তাৎক্ষণিক উপস্থিত হন। প্রাথমিকভাবে জেনেছি, এটা গ্রামীণফোনের টাওয়ার। তবে কেউ হতাহত হননি।’
প্রত্যক্ষদর্শী থিয়েটার পত্রিকা ক্ষ্যাপা’র সহকারী সম্পাদক শাকিল মাহমুদ দেশ রূপান্তরকে বলেন, ‘সন্ধ্যার পর এই জায়গাটিতে লোকজনের ভিড় বেশি থাকে। বিকেলে লোকজন কম ছিল। ভাগ্য ভালো যে বড় দুর্ঘটনা ঘটেনি।’
টাওয়ারটির নির্মাণকাজের সঙ্গে যুক্ত সোহেল বলেন, ‘মূলত ওপরের দিকে ওভারলোড হওয়ার কারণে টাওয়ারটি ভেঙে পড়েছে। কিছু সময়ের মধ্যেই সেটির সংস্কার করা কাজ শুরু হয়েছে।’
অমর একুশে গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ বলেন, ‘বিষয়টি নিয়ে ওই টাওয়ারের সঙ্গে সংশ্লিষ্টদের ডেকেছি। তাদের কাছ থেকে বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মেলায় দায়িত্বরত সবাইকেই আমাদের দিক থেকে সতর্ক করা হয়েছে।’