সাগর-রুনি হত্যা

১৫ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও

সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত এবং বিচারের দাবিতে আগামী ১৫ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে এক বিক্ষোভ সমাবেশে সংগঠনটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ এই কর্মসূচি ঘোষণা করেন। পাশাপাশি মামলার তদন্তকারী সংস্থা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) তদন্তে ব্যর্থ হলে এর ভার অন্য কোনো সংস্থাকে দেওয়ার দাবি জানানো হয়েছে ওই সমাবেশ থেকে।

২০১২ সালের ওই হত্যার ঘটনায় সরকারের বারবার আশ্বাসের পরও মামলার কোনো চার্জশিট আসছে না। আট বছরেও তদন্তে ব্যর্থ হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত সোমবার ৭১ বারের মতো মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে যায়। ২৩ মার্চ প্রতিবেদন জমার নতুন তারিখ রেখেছে আদালত। তবে চার্জশিটটি দিতে আর যেন তারিখ বদল না হয় সেই দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। আলোচিত এই হত্যাকাণ্ডের লজ্জার হাত থেকে বাঁচতে মুজিবর্ষেই এই হত্যাকাণ্ডের বিচার চান তারা।

সমাবেশে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, আমার বিশ্বাস আছে প্রধানমন্ত্রী মমতাময়ী একজন মা। তিনি সাংবাদিকবান্ধব একজন মানুষ। আশা করি, সাগর-রুনির বিচারসহ সব সাংবাদিক হত্যার বিচার হবে। সরকারের বারবার আশ্বাসের পরও মামলার কোনো চার্জশিট আসছে না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা আছে, কিন্তু আট বছরেও তারা মামলার তদন্তে ব্যর্থ হচ্ছে। সরকারের অনেক সংস্থা আছে, মামলার তদন্তে র‌্যাব ব্যর্থ হলে অন্য কোনো সংস্থাকে দেওয়া হোক।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব শাবান মাহমুদ বলেন, আমরা আলোচিত এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রথম থেকেই সোচ্চার ছিলাম, আছি। কোনো ব্যক্তি যদি এটাকে পুঁজি করে লাভবান হয়, তবে তাকে সাংবাদিক সমাজ থেকে বয়কট করুন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, আমরা রাষ্ট্রের জন্য সাংবাদিকতা করি। রাষ্ট্রের প্রতিটি সংকটে আমরা ছিলাম। মহান স্বাধীনতাযুদ্ধে আমাদের অংশগ্রহণ ছিল, ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান, স্বৈরাচার পতনে ছিলাম। প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, মুজিববর্ষে সাগর-রুনি হত্যার বিচার আমাদের সাংবাদিক সমাজকে উপহার দিন। আমাদের দেওয়া ছোট এ উপহারের মাধ্যমে আপনারাও দায়মুক্ত হবেন।

ডিআরইউর সাবেক সভাপতি শাহেদ চৌধুরী বলেন, বর্তমান সরকারের অনেক অবদান রয়েছে। অনেক হত্যার বিচার করা হয়েছে, সফলভাবে তদন্ত করা হয়েছে। আমরা দাবি জানাব, এই মুজিববর্ষে আমাদের সহকর্মী সাগর-রুনির বিচার করা হোক। আমাদের লজ্জার হাত থেকে বাঁচান।