পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে থানায় মামলা

নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়নে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় সদর থানায়  ছাত্রীর বাবা বাদী হয়ে যুবক শামীম হোসেনের (৩৫) বিরুদ্ধে ধর্ষণের মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় মেয়েটিকে তার বাড়িতে একা পেয়ে প্রতিবেশী শামীম হোসেন (৩৫) ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে বিষয়টি জানার পর রাত সাড়ে সাতটার দিকে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করায়। অবস্থার অবনতি হওয়ায় ওই রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির বাবা বাদী হয়ে শামীম হোসেনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।  

নীলফামারী আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমল দে বলেন, ‌‘গত সোমবার সন্ধ্যার পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে ওই রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়’।

ব্র্যাকের জেলা সমন্বয়কারী লাইলুন নাহার বলেন, ঘটনার শিকার ওই মেয়েটির আইনি সহায়তা আমরা দিচ্ছি। মঙ্গলবার সন্ধ্যায় তার বাবা আমাদের সহযোগিতায় থানায় মামলা করেছেন। শিশুটি পঞ্চপুকুর ইউনিয়নের কোরানী পাড়া গ্রামের ব্র্যাকের শিক্ষা সহায়তা কর্মসূচির প্রোণ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী বলে জানান তিনি।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, আসামি শামীম হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে। শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। সেখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে।