পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে ভবন নির্মাণকাজ সম্পন্ন করেছে এস কে ট্রিমস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এখন ভবনটিতে যন্ত্রপাতি সংযোজনের কাজ চলছে। এটি সম্পন্ন হলে কোম্পানিটির গার্মেন্টস এক্সেসরিজের উৎপাদন ৩০ শতাংশ বাড়বে। এর ফলে কোম্পানির বিক্রি বেড়ে বছরে নিট মুনাফা হবে ৩৫ কোটি টাকা। গতকাল কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
গার্মেন্টস এক্সেসরিজ উৎপাদনকারী এস কে ট্রিমস ২০১৮-১৯ হিসাব বছরে নিট মুনাফা করে ১৯ কোটি ৪৫ লাখ টাকা। আর ২০১৯-২০ হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির নিট মুনাফা হয় ১১ কোটি ৫২ লাখ টাকা। কোম্পানিটি জানিয়েছে, আইপিওর অর্থে এস কে ট্রিমস ১৯ হাজার ২৫০ বর্গফুটের নতুন ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। ভবনটিতে যন্ত্রপাতি সংযোজনের পর কোম্পানিটির উৎপাদন সক্ষমতা বাড়বে ৩০ শতাংশ। উৎপাদন সক্ষমতার সর্বোত্তম ব্যবহার হলে কোম্পানির পণ্য বিক্রি থেকে আয় ১৯৫ কোটি টাকায় উন্নীত হবে। আর উৎপাদনসহ অন্যান্য ব্যয় বাদ দেওয়ার পর নিট মুনাফা ৩৫ কোটি টাকায় উন্নীত হবে বলে আশা করছে এস কে ট্রিমস।