মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের যোগিবিল গ্রামে এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার পুর মুখে বিষ ঢলে আত্মহত্যা বলে প্রচার চালানোর অভিযোগে থানায় অভিযোগ করা হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি কমলগঞ্জ থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন নিহত গৃহবধূ লিপি বেগমের (২৪) খালা রুবিনা আক্তার। গত ৪ ফেব্রুয়ারি রাতে যোগিবিল গ্রামের নাছির মিয়ার স্ত্রী লিপি বেগম বিষপানে আত্মহত্যা করেছেন বলে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, বিয়ের পর থেকে লিপির স্বামী নাছির মিয়া ও শ্বশুরবাড়ির লোকজন নানাভাবে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। এমনি নির্যাতনে গত ৪ ফেব্রুয়ারি রাতে লিপি বেগম মারা যান। পরে বিষয়টি ধামাচাপা দিতে লিপির মুখে বিষ ঢেলে তিনি আত্মহত্যা করেছেন বলে অপপ্রচার করা হয়। এমনকি লাশ উদ্ধারের পর মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লিপির স্বজনদের না জানিয়ে দ্রুত লাশটি কবরস্থ করা হয়। পরে তাদেরকে সংবাদ দেওয়া হয় বলে জানান রুবিনা বেগম।
গতকাল বুধবার বিকেলে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।