সৌদি সরকার রোহিঙ্গা নিয়ে এখনো কিছু বলেনি : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরবে আটক হওয়া ৪২ হাজার রোহিঙ্গার বিষয়ে সৌদি সরকার বাংলাদেশকে এখনো কিছু বলেনি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গতকাল বুধবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘বিমসটেক ট্র্যাডিশনাল হেলথ কেয়ার এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। সম্প্রতি এ নিয়ে গণমাধ্যমে প্রকাশিতপ্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রী এ কথা বলেন।

এ বিষয়ে মন্ত্রী বলেন, এটা আসলে ঠিক না। আমাদের কাছে সৌদি আরব এই সম্পর্কে কিছুই বলেনি। সুতরাং এটা আমরা যদি সরকারিভাবে না পাই, তাহলে এ সম্পর্কে আমাদের কমেন্ট করার কোনো কারণ নেই। রোহিঙ্গা যদি হয়, তারা তাদের দেশে যাবে, আমাদের এখানে কেন? বাংলাদেশি হলে আমরা নিশ্চয় দেখব। উনারা (সৌদি আরবের বাংলাদেশ মিশন) আমাদের জানাবে, আমাদের যদি জানায়, তখন আমরা কথা বলব। হঠাৎ করে এসব আসছে পত্রিকায়। আমাদের সরকারিভাবে যদি জানায়, তখন এগুলো নিয়ে আলাপ করব, তার আগে নয়।

বাংলাদেশ আয়ুর্বেদ ফাউন্ডেশন ও ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) যৌথভাবে তিন দিনব্যাপী ওই প্রদর্শনীর আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিমসটেক মহাসচিব শহীদুল ইসলাম, ঢাকায় ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ, বাংলাদেশ আয়ুর্বেদ ফাউন্ডেশনের সভাপতি এ বি এম গোলাম মোস্তফা বক্তব্য দেন।