অসুস্থ খালেদা জিয়ার জীবন রক্ষাই মুখ্য বিষয় : ফখরুল

অসুস্থ খালেদা জিয়ার ‘জীবন রক্ষা করাই’ এই মুহূর্তে দলের কাছে মুখ্য বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, ‘প্যারোলে খালেদা জিয়ার মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে কি না সে বিষয়ে আমি কিছু জানি না।’ গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের কাছে, জনগণের কাছে এখন মুখ্য বিষয়টা হচ্ছে যে ম্যাডামের (খালেদা জিয়া) জীবনকে রক্ষা করা। কারণ এরা খুব সুপরিকল্পিতভাবে ম্যাডামকে হত্যার দিকে নিয়ে যাচ্ছে। আমরা তাকে মুক্ত করতে চাই, তার জীবনকে বাঁচাতে চাই, তাকে সুস্থ করে জনগণের মধ্যে নিয়ে আসতে চাই। আমরা জনগণের কাছে যাচ্ছি, তাদের সঙ্গে নিয়ে আমরা দেশনেত্রীকে মুক্ত করার চেষ্টা করবÑ এখন রাজনৈতিক দল হিসেবে এটাই আমাদের প্রথম কাজ।’

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে। গত বছর ১ এপ্রিল তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন। গত মঙ্গলবার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে আসার পর তার বোন সেলিমা ইসলাম সাংবাদিকদের বলেন, ‘মানবিক দিক বিবেচনা করে খালেদা জিয়াকে মুক্তি বা জামিন দেওয়া উচিত। আমাদের আবেদন, তাকে মুক্তি দেওয়া হোক। অন্তত উন্নত চিকিৎসাটুকু করতে পারি যেনÑ এটাই আমাদের একমাত্র আবেদন।’

খালেদা জিয়ার প্যারোলের জন্য তার পরিবার আবেদন করছে বলে রাজনৈতিক অঙ্গনে যে গুঞ্জন রয়েছেÑ সে বিষয়ে জানতে চাইলে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘প্যারোলের বিষয়টি সম্পর্কে আমরা ঠিক বলতে পারব না। কারণ এটা আমরা করিনি। তার পরিবার থেকে আবেদন করা হয়েছে কি না, সেটাও আমাদের জানা নেই।’

তিনি বলেন, ‘বিচার বিভাগ পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে। যে দেশে প্রধান বিচারপতিকে ভয় দেখিয়ে দেশ ছাড়া করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় সে দেশে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে না।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমরা খালেদা জিয়ার মুক্তির জন্য আইনের সব বিষয় চেষ্টা করেছি, এখনো করে যাচ্ছি। আমরা তো সবসময় দাবি জানাচ্ছি, আপনাদের (গণমাধ্যম) মাধ্যমেও জানাচ্ছি, আমরা হোম মিনিস্টারের সঙ্গে কথা বলেছি, পার্লামেন্টেও জানানো হয়েছে। এখন পুরো বিষয়টাই সরকারের হাতে। দ্য বল ইজ ইন দেয়ার কোর্ট।’

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী পূর্বঘোষিত বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে আগামী শনিবার ঢাকায় কেন্দ্রীয়ভাবে মিছিল হবে দুপুর ২টায়। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে এটি শেষ হবে। দলমত নির্বিশেষে সবাইকে মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে মির্জা ফখরুলের সভাপতিত্বে যৌথ সভায় বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ এবং ঢাকা বিভাগীয় নেতারা উপস্থিত ছিলেন।