গোপালগঞ্জের কাশিয়ানীতে সুমা খানম (৬) নামে এক স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ভোর ৩টার দিকে উপজেলার কুসুমদিয়া গ্রামের পরিত্যক্ত একটি ভিটা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সুমা খানম কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের চাপ্তা গ্রামের মো. মিজান শেখের মেয়ে। সে চাপতা ২২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
কাশিয়ানী থানার উপপরিদর্শক গনেশ বিশ্বাস জানান, বুধবার কাশিয়ানী উপজেলার চাপ্তা রেল স্টেশন থেকে নিখোঁজ হয় সুমা। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজ করেও সুমার কোনো সন্ধান পায়নি পরিবারের লোকজন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
বৃহস্পতিবার ভোর তিনটার দিকে কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামের পরিত্যক্ত একটি ভিটায় সুমার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ওসি আজিজুর রহমান জানান, শিশু সুমার গলা, হাত ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।