জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সিলেটে বিশ্ববিদ্যালয় ছাত্র আটক

জঙ্গি সংগঠনে যুক্ত থাকার অভিযোগে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র শাফায়েত আহমদ চৌধুরীকে আটক করা হয়েছে। গত বুধবার রাতে সিলেট নগরীর সাগরদিঘিরপাড়ের সৈয়দপুরের নিজ বাসা থেকে তাকে আটক করেছে র‌্যাব-২ এর একটি দল।

আটক শাফায়েত অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা কাওছার আহমদ চৌধুরীর ছেলে। তাদের গ্রামের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার গণিপুর গ্রামে। শাফায়েত আহমদ নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল ইসলাম ও আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

সিলেট কোতোয়ালি থানার ওসি মো. সেলিম মিয়া জানান, গত ২৯ জানুয়ারি ঢাকায় আনসারুল ইসলাম ও আনসারুল্লাহ বাংলা টিমের ৩ জঙ্গিকে আটক করে র‌্যাব। এদের জিজ্ঞাসাবাদ করে র‌্যাব জানতে পারে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ২য় বর্ষের ছাত্র শাফায়েত আহমদও জঙ্গি তৎপরতায় জড়িত।  

এর ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল বুধবার রাতে শাফায়েতকে আটক করেছে। এ সময় বাসা থেকে ১৫টি জিহাদি বই, জঙ্গিদের ট্রেনিং ম্যানুয়েল, পাসপোর্ট, একটি মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। মোবাইল ফোন ও ল্যাপটপ তল্লাশি করে শাফায়েতের জঙ্গি তৎপরতার তথ্য পাওয়া গেছে।

ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য শাফায়েতকে ঢাকায় নিয়ে গেছে র‌্যাব।