বরিশাল সরকারি মহিলা কলেজের ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার আসামি জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইস্যু ক্লার্ক বনি আমিনকে ৪ দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে পুলিশ কমিশনার এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে গতকাল বৃহস্পতিবার স্মারকলিপি দিয়েছে বরিশাল নারী শিশু নির্যাতন ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি। এছাড়া অভিযুক্ত বনি আমিনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গত রোববার সরকারি মহিলা কলেজের এক ছাত্রীকে নগরীর নথুল্লাবাদ থেকে অপহরণ করে কুয়াকাটার একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে নগরীর বিমানবন্দর থানায় বনি আমিনের বিরুদ্ধে মামলা হয়। পরদিন সোমবার ওই ছাত্রীকে ঝালকাঠিতে বনি আমিনের এক নিকটাত্মীয়ের বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে বনি আমিন পলাতক রয়েছে। ইতিমধ্যে সংগঠন থেকে তাকে বহিষ্কার করেছে ছাত্রলীগ।
বনি আমিনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।