দেশে সরকারি-বেসরকারি সব পর্যায়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের ক্ষেত্রে ২১ ফেব্রুয়ারির পাশাপাশি বাংলা সনের ৮ ফাল্গুন তারিখটিও ব্যবহারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। গত বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় চুয়াডাঙ্গার বাসিন্দা নসকর আলীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকন এ আবেদনটি করেন।
রিটে মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করা হয়েছে। এতে সরকারি-বেসরকারি সব পর্যায়ে ২১ ফেব্রুয়ারির সঙ্গে বাংলা সনের ৮ ফাল্গুন তারিখ ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশা চাওয়া হয়েছে। পাশাপাশি ওই তারিখটি ব্যবহার করতে বিবাদীর নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারিরও আরজি জানানো হয়েছে। আগামী রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চে এর ওপর শুনানি হতে পারে জানিয়েছেন আইনজীবী মনিরুজ্জামান লিংকন।
তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘যেহেতু ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আবার সরকার এ দিনটিকে সামনে রেখে বার্ষিক ক্যালেন্ডার ঠিক করেছে। এখন সেখানে ৮ ফাল্গুন যাতে ২১ তারিখের সঙ্গে লেখা থাকে, আবেদনে সেই আরজি জানানো হয়েছে।’
লিংকন আরও বলেন, ‘১৩৫৮ সালের যে দিনটিতে (৮ ফাল্গুন) ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছিল, সে দিনটিকে অনেকে ভুলতে বসেছে। এখনকার তরুণ প্রজন্মের অনেকেই এই বাংলা তারিখটি সম্পর্কে অবগত নন। অথচ বাংলা ভাষার জন্যই আন্দোলন, সংগ্রাম হয়েছিল। তাই এই তারিখটিকে মর্যাদা দিতে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিভিন্ন অনুষ্ঠানে এই তারিখটিকে উল্লেখ করতে উচ্চ আদালতের নির্দেশনা চেয়েছি।’