রাঙ্গামাটিতে ইঞ্জিনচালিত নৌকাডুবির পৃথক ঘটনায় ছয়জন মারা গেছে। গতকাল শুক্রবার সকালে জেলা শহরের ডিসি বাংলো এলাকা থেকে কাপ্তাই হ্রদের ওপর দিয়ে সুবলং যাওয়ার পথে নৌকাডুবিতে পাঁচজন মারা যায়। এর মধ্যে একজনের পরিচয় জানা যায়নি। অন্যরা হলেন রিনা আক্তার (৩২), শিলা আক্তার (২৭), আসমা আক্তার (২২) ও আফরোজা আক্তার (১৪)। আর জেলার কাপ্তাই উপজেলার কয়লার ডিপো সংলগ্ন কর্ণফুলী নদীতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত
সংঘের (ইসকন) একটি তীর্থযাত্রী দলের একজন নৌকাডুবিতে নিহত হয়েছে। এ ঘটনায় দুজন নিখোঁজ রয়েছে। এছাড়া এদিন সকালে সাপছড়ি এলাকায় রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে একটি পিকনিক বাস উল্টে চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৭ জন।
গতকাল বসন্তের প্রথম দিন ও ভালোবাসা দিবসকে কেন্দ্র ঘরে চট্টগ্রামের প্যাসিফিক জিন্স গার্মেন্টসের শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা মিলে ৫০ জনের একটি দল রাঙ্গামাটিতে বেড়াতে আসেন। সকালে তারা দুটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে সুবলংয়ের উদ্দেশে রওনা দেন। এর মধ্যে একটিতে ৩০ জন ও আরেকটিতে ২০ জন যাত্রী ছিলেন। পথিমধ্যে একটি নৌকা থেকে আরেকটি নৌকায় কামরাঙা ছোড়াছুড়ি শুরু করেন যাত্রীরা। এ সময় একটি নৌকার যাত্রীদের অনেকে কামরাঙা ধরতে নৌকার একপ্রান্তে চলে আসেন। তখন নৌকাটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়। পরে অনেকে সাঁতরে বাঁচতে পারলেও শিশুসহ কয়েকজন ডুবে যান।
রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ জানান, রাঙ্গামাটিতে ডুবুরি নেই। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা হ্রদ থেকে তিনজন জীবিত ও পাঁচটি মরদেহ উদ্ধার করেন। রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর জানান, হ্রদে নৌকাডুবিতে প্রাণ হারানো পাঁচজনের মরদেহ হাসপাতালে আনার পর মর্গে রাখা হয়েছে।
এদিকে গতকাল দুপুরে জেলার কাপ্তাই উপজেলার কয়লার ডিপো সংলগ্ন কর্ণফুলী নদীতে বালুচর এলাকায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) একটি তীর্থযাত্রী দলের একজন নৌকাডুবিতে মারা গেছে। নিহত দেবলিনা দে (১০) চট্টগ্রাম কোতোয়ালি থানার হাজারিগলি এলাকার রতন দের কন্যা। এ ঘটনায় নিখোঁজ দুজন হলো চট্টগ্রামের জোরারগঞ্জ থানার হরিপুর মজুমদার বাড়ির রাজিব মজুমদারের স্ত্রী টুম্পা মজুমদার (৩০) ও ছেলে বিজয় মজুমদার (৫)। সন্ধ্যা পর্যন্ত ডুবুরিদল অভিযান চালিয়েও তাদের সন্ধান পায়নি। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশ্রাফ আহমেদ রাসেল জানান, চট্টগ্রামের নন্দনকানন রাধামাধব মন্দির হতে সড়কপথে ইসকনের ১২৭ জন সদস্য তীর্থভ্রমণে উপজেলার শীলছড়িতে আসেন। এরপর দলটি কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ভ্রমণে বের হয়। নৌকাডুবিতে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুজনের সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে তৎপরতা চলছে।