ডেমরায় হাসপাতাল পরিচালকের কক্ষে চিকিৎসকের লাশ

রাজধানীর ডেমরার মাতুয়াইলের একটি হাসপাতাল থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম মোবারক হোসেন (৩৩)। গতকাল শুক্রবার সকালে ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক জামাল হোসেনের কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করে পুলিশ। চিকিৎসক মোবারক আত্মহত্যা করেছেন, নাকি কেউ হত্যার পর তার লাশ কক্ষে ঝুলিয়ে রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন ঘটনাস্থল পরিদর্শনকারী ডেমরা থানার ওসি সিদ্দিকুর রহমান।

তিনি বলেন, ‘ঘটনাটি রহস্যজনক। গত বৃহস্পতিবার থেকে চিকিৎসক মোবারক হোসেন নিখোঁজ ছিলেন। বাসা ও কর্মস্থলে যাননি। তাকে কেউ হত্যা করে লাশ ওই

 

 পরিচালকের কক্ষে ঝুলিয়ে রেখেছিল, নাকি তিনি নিজেই সেখানে গিয়ে আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনই মন্তব্য করা যাচ্ছে না।’

লাশ উদ্ধারের পর স্বজনরা হাসপাতালে সাংবাদিকদের জানান, চিকিৎসক মোবারক মাতুয়াইলের প্রো-অ্যাকটিভ হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি এনেসথেসিয়া স্পেশালিস্ট।  থাকতেন দক্ষিণ দনিয়ার এ কে উচ্চ বিদ্যালয়ের পাশের একটি বাসায়। তার বাড়ি ভোলার লালমোহনে। তিনি ৭ মাস আগে বিয়ে করেছিলেন।

স্বজন মঈনুল ইসলাম বলেন, ‘আমাদের মনে হচ্ছে তাকে (মোবারক) খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা এটার বিচার চাই।’ তবে কারা ও কী কারণে তাকে হত্যা করা হতে পারে সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি তিনি।

পুলিশের একাধিক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, গত বৃহস্পতিবার সকালেও চিকিৎসক মোবারক তার কর্মস্থল প্রো-অ্যাকটিভ হাসপাতালে ছিলেন। দুপুরে তাকে ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক ডেকে নিয়ে যায়। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে করতে রাত পার হয়ে যায়। এরপর সকালে মোবারকের এক স্বজনের মোবাইল ফোনে আসা বার্তায় বলা হয়, ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালকের কক্ষে মোবারকের লাশ ঝুলছে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে পুলিশ।