সুনামগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা

বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার সকাল ১১টায় শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে খালেদা জিয়ার মুক্তি দাবিতে জেলা বিএনপির একটি বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি কিছুদূর আগালেই আলফাত ভবনের সামনে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহসভাপতি ওয়াকিপুর রহমান গিলমান, রেজাউল ইসলাম, শেরে নুর আলী, আবুল কালাম, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আনসার উদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সরকার বেগম জিয়াকে আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সরকার খালেদা জিয়াকে ভয় পায় তার জনপ্রিয়তাকে ভয় পায় বলেই তাই তাকে নানা ষড়যন্ত্রে আটকে রাখছে। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার অবহেলা করছে। বেগম জিয়ার কিছু হলে এর দায় সরকারকে নিতে হবে। শিগগিরই কঠোর আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা হবে।