রূপায়ণ স্বপ্ন নিলয় হস্তান্তর

মালিকানা বুঝে পেয়ে উচ্ছ্বসিত ক্রেতারা

‘স্বপ্ন এখন হাতের মুঠোয়’ স্লোগান নিয়ে রাজধানীর সিদ্ধেশ্বরীতে অবস্থিত ‘রূপায়ণ স্বপ্ন নিলয়’ কন্ডোমিনিয়াম প্রকল্প গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে দেশের অন্যতম আবাসন ব্যবসা প্রতিষ্ঠান রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড। গতকাল রাজধানীর উত্তরায় ‘রূপায়ণ সিটি উত্তরা’তে রূপায়ণ গ্রুপ আয়োজিত এক অনুষ্ঠানে ফ্ল্যাটের ক্রেতাদের সংগঠন রূপায়ণ স্বপ্ন নিলয় ওনার্স অ্যাসোসিয়েশনের কাছে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি হস্তান্তর করা হয়।

প্রকল্প হস্তান্তরের মধ্য দিয়ে কন্ডোমিনিয়াম প্রকল্পটির ১৩০টি ফ্ল্যাটের ক্রেতা নিজেদের মালিকানা বুঝে পেলেন। নির্ধারিত সময়ের মধ্যে বিলাসবহুল এই প্রকল্পের মালিকানা বুঝে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত ফ্ল্যাট মালিকরা। রাজধানীর প্রাণকেন্দ্রে এমন দুর্দান্ত প্রকল্প উপহার দেওয়ার জন্য রূপায়ণ গ্রুপকে বিশেষ ধন্যবাদ জানান তারা। এটি একটি স্বপ্নের বাস্তবায়ন উল্লেখ করে রূপায়ণ গ্রুপ বলেছে, গ্রাহকদের সুখে-দুঃখে সব সময়ই পাশে থাকবে তারা।

‘রূপায়ণ স্বপ্ন নিলয়’ কন্ডোমিনিয়াম প্রকল্প হস্তান্তর অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পি জে উল্লাহ, উপদেষ্টা সাদাত সেলিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান দেওয়ান, নির্বাহী পরিচালক এহসানুর রহমান, পরিচালক (নির্মাণ) মাহমুদুর রহমান, মহাব্যবস্থাপক (কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট) সাইফুল ইসলাম, রূপায়ণ স্বপ্ন নিলয় ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রেজওয়ান আহমেদ তৌফিক, সেক্রেটারি কাজী আরিফুর রহমান, ট্রেজারার মো. বাবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মাহির আলী খাঁন রাতুল বলেন, গ্রাহকদের সঙ্গে আমাদের সম্পর্ক বাবা-মেয়ের মতো। একজন বাবা যেমন অত্যন্ত আদর-যতœ করে নিজ মেয়েকে বড় করে আরেক অভিভাবকের হাতে তুলে দেন। আমরাও নিজেদের স্বপ্নের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে গ্রাহকদের হাতে তুলে দিই। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। আমরা আমাদের কথা রেখেছি। এখন ফ্ল্যাট মালিকদের দায়িত্ব হলো এই প্রকল্পের সার্বিক সৌন্দর্য ধরে রাখা। সর্বাধুনিক সুযোগ-সুবিধার এই প্রকল্পকে নিজের সম্পদ বিবেচনায় ভালো রাখা।

তিনি বলেন, এই প্রকল্প নিয়ে আমরা হয়তো আর খুব বেশি কিছু বলব না, বলার সুযোগও কম। তবে সার্বক্ষণিক সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিতে আমাদের একটি টিম সব সময় আপনাদের সঙ্গে থাকবে। এটি একটি স্বপ্নের বাস্তবায়ন। গ্রাহকদের সুখে-দুঃখে সব সময়ই পাশে থাকব আমরা।

রূপায়ণ গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে সহায়তা করার জন্য গ্রাহকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মাহির আলী খাঁন রাতুল।

অনুষ্ঠানে ফ্ল্যাট মালিকরা একটি সমিতি গঠন করেন, যার নাম দেওয়া হয়েছে রূপায়ণ স্বপ্ন নিলয় ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির আহ্বায়ক কমিটির প্রেসিডেন্ট রেজওয়ান আহমেদ তৌফিক বলেন, আজ আমাদের জন্য একটি আনন্দের দিন। সবাই কমবেশি কষ্ট করে এই প্রকল্পে নিজেদের ফ্ল্যাট কিনেছিলেন। এখন মালিকানা বুঝে পেয়ে আমরা খুবই খুশি।

সেক্রেটারি কাজী আরিফুর রহমান বলেন, আমি ১৫ বছর থেকে সিদ্ধেশ্বরী এলাকায় থাকি। কিন্তু এখন ওই অঞ্চলে নিজের একটি ফ্ল্যাট হয়েছে, এটা ভেবে ভালো লাগছে। একই সঙ্গে রূপায়ণের প্রকল্পটি অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশের। আধুনিক সব সুযোগ-সুবিধা রাখা হয়েছে এতে। আমরা রূপায়ণের সমৃদ্ধি কামনা করি।

ট্রেজারার মো. বাবুল হোসেন বলেন, আমরা চেষ্টা করব যেন নিজেদের এই সুন্দর প্রকল্পটির মনোরম পরিবেশ ধরে রাখতে পারি, আরও ভালো করতে পারি। অনুষ্ঠানে প্রকল্পের সুযোগ-সুবিধার বিষয়ে রূপায়ণ গ্রুপের সিআরএম বিভাগের জিএম সাইফুল ইসলাম বলেন, এটি রূপায়ণ হাউজিং এস্টেটের ৭৫তম প্রকল্প, যা অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত দৃষ্টিনন্দন কন্ডোমিনিয়াম প্রকল্প।

রাজধানীর সিদ্ধেশ্বরীতে ভিকারুননিসা নূন স্কুলের বিপরীতে ৮৫ কাঠা জমির ওপর নির্মিত রূপায়ণ স্বপ্ন নিলয়। দুটি বেজমেন্টসহ ১৪ তলাবিশিষ্ট রূপায়ণ স্বপ্ন নিলয় প্রকল্পে চারটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং ও একটি কমিউনিটি বিল্ডিং নিয়ে নির্মিত এই কন্ডোমিনিয়ামে জীবনযাপনের সর্বোচ্চ সুযোগ-সুবিধা পাবেন বসবাসকারীরা। এখানে ১৩০টি অ্যাপার্টমেন্টের বাসিন্দারাই পাবেন কমিউনিটি সেন্টার, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেম কক্ষ এবং নামাজের কক্ষের সুবিধা। চারটি ভবনের প্রতিটিতে একটি করে লন্ড্রি এবং দুটি করে রিসেপশন রয়েছে। আছে বাচ্চাদের জন্য খেলার মাঠ, সুসজ্জিত ফাউন্টেন এবং ল্যান্ড স্কেপিং। এছাড়া পুরো কন্ডোমিনিয়ামের চারপাশেই রয়েছে জগিং ট্র্যাক।। অত্যাধুনিক লিফট, ফায়ার ফাইটিং ব্যবস্থা, গভীর নলকূপসহ প্রত্যেকটি ভবনের ওপরে রয়েছে রুফটপ গার্ডেনিং। অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত রূপায়ণ স্বপ্ন নিলয় প্রকল্প বুঝে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত গ্রাহকরা।