করোনাভাইরাস ছড়ানো ঠেকাতে পুরনো নোট আটকে দিচ্ছে চীনের কেন্দ্রীয় ব্যাংক। নোটের হাতবদলের মাধ্যমে এই ভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য কয়েকটি প্রদেশে এ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
ওইসব প্রদেশের মানুষের চাহিদা মেটাতে নতুন নোট ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ব্যাংকে জমা হওয়া পুরনো ব্যাংক নোট আল্ট্রা-ভায়োলেট রশ্মি বা উচ্চ তাপমাত্রায় ভাইরাসমুক্ত করে তা সিলগালা করে ৭ থেকে ১৪ দিনের জন্য আটকে রাখা হচ্ছে।
বিশেষ করে যেসব অঞ্চলে ভাইরাস বেশি ছড়িয়ে পড়ছে, সেসব অঞ্চলে এ উদ্যোগ নেওয়া হয়েছে। করোনাভাইরাসে চীনে ৬৬ হাজার আক্রান্ত, ইতিমধ্যে প্রায় দেড় হাজার মারা গেছেন।
চীনের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ফান উইফেই গতকাল শনিবার সংবাদ সম্মেলনে জানান, হুবেই প্রদেশের জন্য জরুরিভাবে ৪০০ কোটি ইউয়ানের নোট ইস্যু করা হয়েছে। জনগণ যাতে নিরাপদভাবে নোট ব্যবহার করতে পারে, সেজন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণকে মোবাইল ব্যাংকিংয়ে উৎসাহিত করা হচ্ছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগ কতদিন থাকবে, তা স্পষ্ট নয়।
২০১৭ সালে করা এক জরিপ তথ্য অনুযায়ী, নগদ ১০০ ইউয়ান খরচ করা ছাড়াই দেশটির নাগরিকরা মাস পার করতে পারেন।