ঢাবিতে হানিফ

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দলটির নেতারা নোংরা রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। গতকাল শনিবার দুপুরে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক) আয়োজিত বৃত্তি প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি নেতারা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে নোংরা রাজনীতি করছেন। বাংলাদেশের নাগরিক এবং সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া সরকারের কাছ থেকে সর্বোচ্চ চিকিৎসাসেবা পাচ্ছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতি না করে মানবিক কারণে খালেদা জিয়ার মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু আমি অবাক হই, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি কারা করছে।’ তিনি বলেন, আপনারা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করেন। আপনারা রাজনীতি করছেন সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য। যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে সরকারের কাছে আবেদন করেন। যদি আইনসিদ্ধ হয় তাহলে সরকার বিবেচনা করবে। কিন্তু টেলিভিশনে বক্তব্য দিয়ে নোংরা রাজনীতি করবেনথএটা দেশবাসী দেখতে চায় না। তিনি আরও বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য দুটি পথ খোলা আছে। একটি হলো তাকে আইনি প্রক্রিয়ায় লড়াই করে জামিন নেওয়া এবং অন্যটি প্যারোলে মুক্তির জন্য সরকারের কাছে আবেদন করা, যা ওনারা এখনো করেননি।