ঠাকুরগাঁও সদর উপজেলায় একটি হাস্কিং মিলের বয়লার বিস্ফোরণে সলেমান নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৯ শ্রমিক।
রাজাগাঁও ইউনিয়নের চৌরঙ্গী এলাকায় রবিবার সকাল ১০টায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সলেমান চৌরঙ্গী গ্রামের আব্বাস আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও আহত শ্রমিকদের বরাত দিয়ে রাজাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার বলেন, চৌরঙ্গী এলাকার রুহুল আমিনের হাস্কিং মিলে ৯ জন শ্রমিক ধান সেদ্ধ করছিলেন।
ওই সময় সলেমান মিলের চুলায় তুষ ছিটিয়ে আগুন ধরাচ্ছিলে। আকস্মিকভাবে ওই মিলের বয়লার বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই সলেমান মারা যান। আহত হয় এক শিশুসহ ৯ শ্রমিক।
তারা হলেন- রাজাগাঁও গ্রামের মমতাজ রহমান(৫৫), বাদল (২৮), জহুরুল ইসলাম (৪৪), রুহুল আমিন (৬০), তুলশি (২৮), খলির (৪৫), তাজেমা (৮), অনামিকা (১৫), রাজ্জাক (৭)। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মমতাজ বলেন, মিল চাতালে ধান শুকানোর কাজ করছিল। এ সময় হঠাৎ বিকট শব্দ হয়। লোহার রড এসে তার শরীরে লাগে। এতে আহত হন তিনিসহ অনেকে।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লিটন সরকার বলেন, আহতদের চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজন শিশুর শরীরের কিছু অংশ গরম পানিতে ঝলসে গেছে।
ঘটনার পর সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, ইউপি চেয়ারম্যান হাসপাতাল পরিদর্শন করে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, আহতরা যেন সুচিকিৎসা পায় সেদিকে আমরা খেয়াল রাখছি।