বিসিবি একাদশের বিপক্ষে মঙ্গলবার থেকে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী জিম্বাবুয়ে ক্রিকেট দল। এই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ৬ জন রয়েছেন ১৩ সদস্যের দলটিতে।
বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে একদিন আগেই ঢাকায় এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ২২ ফেব্রুয়ারি টেস্ট শুরুর আগে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি খেলবে তারা।
শনিবারই জানা গিয়েছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ৬ সদস্যকে রাখা হচ্ছে বিসিবি একাদশের দলে। রবিবার তারই আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিসিবি।
অধিনায়ক আকবর আলীর সঙ্গে রয়েছেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। এ ছাড়া- শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান ও শরিফুল হাসান ডাক পেয়েছেন।
অনূর্ধ্ব-১৯ দলের বাইরে মোহাম্মদ নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব, রিশাদ আহমেদরা খেলবেন প্রস্তুতি ম্যাচটিতে।
এ ছাড়া ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ আল-আমিন (জুনিয়র), মুকিদুল ইসলাম অঙ্কন, সুমন খানও রয়েছেন এই দলে।
জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবি একাদশ:
মোহাম্মদ নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আকবর আলী, আল আমিন (জুনিয়র), ফারদিন অ্যানি, শরিফুল হাসান, সুমন খান, মুকিদুল ইসলাম অঙ্কন, আমিনুল ইসলাম বিপ্লব, রিশাদ আহমেদ, শাহাদাত হোসেন, তানজিদ হাসান তামিম।