মহিউদ্দিনের স্বপ্ন বাস্তবায়ন করব নাছিরের সহযোগিতা চাই : রেজাউল

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘প্রয়াত নেতা চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্বপ্ন ও অসমাপ্ত কাজ বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে। চট্টগ্রামে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নির্বাচনে বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের সার্বিক সহযোগিতা কামনা করছি।’ গতকাল রবিবার দেশ রূপান্তরকে তিনি এসব কথা বলেন।

চসিক নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান এম রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, ‘মহান রাব্বুল আল-আমিনের কাছে শুকরিয়া জানাচ্ছি এবং প্রধানমন্ত্রীর কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। কারণ আমি তৃণমূল থেকে উঠে আসা একজন আওয়ামী লীগ কর্মী। প্রধানমন্ত্রী আমাকে মূল্যায়ন করেছেন।’ তিনি বলেন, ‘চট্টগ্রামের সমস্যা নিরসনের পাশাপাশি নগরকে ক্লিন ও গ্রিন সিটিতে রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করব। চট্টগ্রাম শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন এবং ভ্রাতৃত্বমূলক নগরী গড়ব। এছাড়া নগরবাসীর দীর্ঘদিনের আশা-আকাক্সক্ষা পূরণে যা যা করা প্রয়োজন সব করব। এক্ষেত্রে নির্বাচনে দলীয় নেতাকর্মী ও নগরবাসীর কাছে ভোট ও সহযোগিতা কামনা করছি।’ 

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় রেজাউল করিম চৌধুরীকে স্বাগত জানিয়ে আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। এ সিদ্ধান্ত আমি মেনে নিলাম। রেজাউল করিম চৌধুরী একজন যোগ্য প্রার্থী। তাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এ লক্ষ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এখন আমাদের কাজ হচ্ছে চসিক নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করা।’

এর আগে গত শনিবার রাতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাশেষে চসিকের মেয়র পদে আওয়ামী লীগের একক প্রার্থী রেজাউল করিম চৌধুরীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রেজাউল বর্তমানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এই কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন বর্তমান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চসিক নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় আওয়ামী লীগ গত ১০ ফেব্রুয়ারি থেকে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন ফরম বিতরণ শুরু করে। বর্তমান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক মেয়র এম মনজুর আলম, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, চট্টগ্রাম উন্নয়ন কর্র্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিনসহ ১৯ জন মেয়রপদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তবে এম রেজাউল করিম চৌধুরীকে মনোনয়ন দিয়ে চমক দিয়েছে আওয়ামী লীগ।

গতকাল বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে চসিক নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সচিব মো. আলমগীর। তিনি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আগামী ২৯ মার্চ চসিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৭ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ মার্চ। প্রতীক বরাদ্দ ৯ মার্চ। ভোটগ্রহণ হবে ২৯ মার্চ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

২০১৫ সালের ২৮ এপ্রিল একযোগে ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ এবং চসিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওইদিন ভোট শেষে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলমকে পরাজিত করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন চসিক মেয়র নির্বাচিত হন।