আবেদন করলে যে দেওয়া হবে তা নয় : তথ্যমন্ত্রী

প্যারোলের আবেদন করলে যে খালেদা জিয়াকে সেটি দেওয়া হবেÑবিষয়টি সে রকম নয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু মেডিকেলে সর্বোচ্চ চিকিৎসাসেবা পাচ্ছেন খালেদা জিয়া। আর যে শারীরিক সমস্যা সেগুলো অনেক পুরানো। পরিবার কিংবা তার আইনজীবীর পক্ষ থেকে

প্যারোলে মুক্তির কোনো আবেদন করা হয়নি। এসবকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা।’  

গতকাল রবিবার বিকেলে চট্টগ্রাম কোর্ট হিলস্থ আইনজীবী অডিটরিয়ামে তার পিতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক জেলা পিপি অ্যাডভোকেট নুরুচ্ছাফা তালুকদারের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ এই মন্তব্য করেন।

খালেদা জিয়া কোনো রাজবন্দি নয় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘তাকে (খালেদা জিয়া) আইনের মাধ্যমে মুক্ত করতে হবে। ২০০৪ সালে যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী তখন তার সরকারের পৃষ্ঠপোষকতায় তার পুত্রের তত্ত্বাবধানে বর্তমান প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়েছিল। আর বর্তমানে খালেদা জিয়া দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত আসামি হিসেবে সাজা ভোগ করছে। প্যারোলের আবেদন করলেই তখন সেটি নিয়ে কথা বলার সুযোগ তৈরি হবে। তার আগে তো নয়। আর প্যারোল আদৌ প্রয়োজন আছে কি না? তিনি বঙ্গবন্ধু মেডিকেলে সর্বোচ্চ চিকিৎসাসেবা পাচ্ছেন।’

এর আগে স্মরণ সভায় তিনি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, ‘আমার বাবা সততার সঙ্গেই আইন পেশায় ছিলেন। উনি পিপি হওয়ার পর এরশাদ সরকার ওনাকে দলে যোগদান করতে বলেছিলেন, উনি পিপি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছিল সেই কথা শোনার পর। এরশাদবিরোধী আন্দোলনে যখন গ্রেপ্তার হই তখন বাবা আমাকে বিভিন্নভাবে উৎসাহ দিতেন রাজনীতির জন্য, বিভিন্ন বই দিয়েছেন জেলে পড়ার জন্য।’

স্মরণ সভার প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য কাজ করে যাচ্ছে। হাছান মাহমুদের পিতা ছিলেন আইনপেশার শ্রদ্ধাজন। সমাজে কল্যাণ কামনায় ওনার পথচলা অনুকরণীয়।

২০১৫ সালে এক টানা তিন মাস আগুন সন্ত্রাস করে ১৫০ জনকে পুড়িয়ে মেরেছিল বিএনপি-জামায়াত। তখন খালেদা জিয়া বলেছিল, শেখ হাসিনা সরকারকে পতন না করে তিনি বাড়ি ফিরে যাবেন না। এতিমের টাকা মেরে এখন তিনি জেলে, তাদের সঙ্গে এখন যুক্ত হয়েছে অনেকে।

তিনি ড. কামাল হোসেনকে উদ্দেশ করে বলেন, পাকিস্তানি উচ্ছিষ্টভোগী দালালদের সঙ্গে হাত মিলিয়েছেন। দেশবিরোধীদের সঙ্গে মিলে সরকার পতন করতে চান। অথচ আপনাকে বঙ্গবন্ধু নিজের আসন ছেড়ে এমপি বানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন আর আপনি যারা পাকিস্তানি এজেন্টদের থেকে টাকা খেয়েছে তাদের সঙ্গে জুটেছেন। আপনি শেখ হাসিনার সরকারকে লাথি মেরে নামাবেন বলেছেন। আপনার কাছ থেকে এসব আমরা আশা করিনি। খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছে। আপনি তাদের সঙ্গে মিলে সরকার উচ্ছেদের চিন্তা করেছেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের পিতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক জেলা পিপি অ্যাডভোকেট নুরুচ্ছাফা তালুকদারের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভার আহ্বায়ক অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোক্তার আহমদ, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. জিয়াউদ্দিন প্রমুখ।