বাগেরহাটে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

বাগেরহাটের কচুয়ায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। সোমবার ভোরে উপজেলার বারইখালী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নামপরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

গ্রামবাসীর বরাত দিয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুর রহমান বলেন, সোমবার রাত ৩টার দিকে ২/৩ জনের একদল চোর কচুয়ার বারইখালী গ্রামের ছোমেদ হাওলাদারের ঘরে ঢোকে।

এ সময় বাড়ির মালিক ঘরে চোরের উপস্থিতি টের পেয়ে জেগে যান। ওই চোরের দল তাদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে ছোমেদকে ভয়ভীতি দেখিয়ে বেশ কিছু মালামাল নিয়ে পালিয়ে যায়।

পরে বাড়ির মালিক বাড়ি থেকে বেরিয়ে চোর চোর বলে ডাক-চিৎকার শুরু করলে স্থানীয় গ্রামবাসী ধাওয়া করে অজ্ঞাতপরিচয় একজনকে ধরে গণপিটুনি দেয়।

এতে তিনি গুরুতর আহত হলে তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে গ্রামবাসী। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।