বিরাট কোহলির সঙ্গে বিচ্ছেদের সময়টা কষ্টের! সোশ্যাল মিডিয়া ইন্সটাগ্রামে এমন মন্তব্য করে তোলপাড় সৃষ্টি করেছেন আনুশকা শর্মা। হুট করে পোস্টটি পড়ে অনেকেই ভাবতে পারেন, বিরুষ্কা জুটির সম্পর্কে কোনো ঝড় এলো কি না! বিষয়টি তেমন নয়। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হচ্ছে ভারতের। তাই সেখানেই রয়েছেন বিরাট। কিন্তু ভালোবাসা দিবসে একে অপরের কাছে আসবেন না বিরুষ্কা, তা হয় নাকি? প্রেম দিবস উপলক্ষেই নিউজিল্যান্ডে বিরাটের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আনুশকা। বিয়ের পর দ্বিতীয় ভালোবাসা দিবসটি দারুণ কাটিয়েছেন তারা। বেশ কিছুদিন নিউজিল্যান্ডে ভারতীয় অধিনায়কের সঙ্গে সময় কাটানোর পর এবার ভারতে ফিরে এসেছেন নায়িকা। এর আগে স্বামীকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন আনুশকা। ইন্সটাগ্রাম পোস্টে ‘পিকে’ গার্ল লেখেন, ‘কোহলির সঙ্গে বিদায়ের সময়টা কষ্টের। মন থেকে মেনে নেওয়া যায় না। অনেকেই মনে করতে পারেন, প্রিয়জনকে গুডবাই জানানো সহজ। কিন্তু ভালোবাসার মানুষকে তা জানানো আমার কাছে খুব কঠিন।’