দেশের সার্বভৌমত্ব রক্ষা ও যেকোনো আগ্রাসন রুখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা আমাদের মাতৃভূমি কোনো সন্ত্রাসীকে ব্যবহার করতে দেব না।’
গতকাল মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে ছয়টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সেনাপ্রধানএসব কথা বলেন।
রেজিমেন্টাল কালার পাওয়া ইউনিটের উদ্দেশে তিনি আরও বলেন, ‘রেজিমেন্টাল কালার প্রাপ্তি যেকোনো ইউনিটের জন্য একটি বিরল সম্মান ও পবিত্র আমানত। এ প্রাপ্তি কর্মদক্ষতা, কঠোর পরিশ্রম ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতি। লাল-সবুজ পতাকার মর্যাদা রক্ষা ও দেশমাতৃকার যেকোনো প্রয়োজনে ইউনিটকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।’
এর আগে প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে সেনাপ্রধানকে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম অভ্যর্থনা জানান। সেখানে প্যারেড কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ১৯ পদাতিক ডিভিশনের একটি সম্মিলিত চৌকস দল কুচকাওয়াজ প্রদর্শন ও সেনাপ্রধানকে সালাম জানায়।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ১১ আরই ব্যাটালিয়ন, ১৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৩ সিগন্যাল ব্যাটালিয়ন, ১৭ বীর ও ১৯ বীর ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান করা হয়। এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।