‘রোহিঙ্গা ইস্যুতে চীন ক্রিটিক্যাল অবস্থানে’

চায়না-রাশিয়াসহ সব পক্ষকে নিয়ে কাজ করলে রোহিঙ্গা ইস্যুর সমাধান হবে দাবি করে অস্ট্রেলিয়ান লিবারেল পার্টির সভাপতি ফিলিপ রুডোক বলেছেন, ‘রোহিঙ্গা ইস্যুতে চীন ক্রিটিক্যাল অবস্থানে রয়েছে।’ গতকাল মঙ্গলবার রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ আয়োজিত ‘রোহিঙ্গা, দ্য নিড ফর জাস্টিস অ্যান্ড রাইটস ইন রাখাইন’ শীর্ষক প্যানেল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

রোহিঙ্গাদের মৌলিক অধিকার সুরক্ষা করতে হবে উল্লেখ করে ফিলিপ রুডোক বলেন, ‘চীন একদিকে রাখাইনে বিনিয়োগ করার কথা বলছে, চীনের প্রেসিডেন্টও সম্প্রতি সফর করেছেন। আরেক দিকে বলছে, রোহিঙ্গা ইস্যুতে তারা বাংলাদেশের সঙ্গে রয়েছে।’ মানবাধিকার, শিক্ষাসহ প্রতিটি মানুষের মৌলিক অধিকার। রোহিঙ্গাদের মৌলিক অধিকার সুরক্ষা করতে হবে দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি, পুরো বিশ্বের জন্য রোহিঙ্গা সংকট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সংকট সমাধান করতে হবে। বিশ্ব সম্প্রদায়ের উচিত এ ইস্যু ফোকাস করা।’

বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকের কো-ফাউন্ডার তুন খিন বলেন, আমরা দেশে ফিরে যেতে চাই। সম্মানের সঙ্গে যেতে চাই। মিয়ানমারকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে অবশ্যই নাগরিকত্ব দিতে হবে। যখন তারা নাগরিকত্ব দেওয়া নিশ্চিত করবে, তখনই রোহিঙ্গারা ফিরে যাবে। বিশ্ব সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে। বিষয়টির টেকসই সমাধান প্রয়োজন।

সভায় অধ্যাপক আমেনা মহসিন, সাবেক পররাষ্ট্র সচিব শহিদুল হক, ডা. জাফরুল্লাহ চৌধুরী, ফারাহ কবিরসহ বিশিষ্টজনেরা অংশ নেন। সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ।