চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যা!

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের এক দিন পর এক শিশুর (৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার চরবাগডাঙ্গার একটি বাঁশবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। নিহত ওই শিশুটি একই এলাকার মানিক হাজিরটোলা গ্রামের রুহুল আমীনের মেয়ে।

শিশুটির বাবা দেশ রূপান্তরকে বলেন, ‘দুপুরের পর থেকে বাড়ির পাশেই খেলাধুলা করছিল আমার মেয়ে। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলে তাকে দেখতে না পেয়ে এলাকায় মাইকিং করি। তারপরও কোথাও তার সন্ধান না পেয়ে রাতে থানায় জিডি করি। মঙ্গলবার সকালেও তাকে খুঁজতে বের হই। একপর্যায়ে স্থানীয় অটোরিকশা চালকদের কাছ থেকে তার লাশ পড়ে থাকার খবর পাই। আমি এ হত্যাকা-ের সুষ্ঠু বিচার চাই।’

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান বলেন, ‘শিশুটির শরীরে যে আঘাতের চিহ্ন রয়েছে তাতে নিশ্চিত তাকে হত্যা করা হয়েছে। ধর্ষণের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পরই তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।’