উত্তেজনার মধ্যে মেসি-পিকেদের সঙ্গে বার্সা সভাপতির বৈঠক

বার্সেলোনার বর্তমান ও সাবেক তারকা খেলোয়াড়দের, সভাপতির প্রার্থী ও অন্যান্যদের বিরুদ্ধে দুর্নাম রটাতে একটি পিআর প্রতিষ্ঠানকে ভাড়া করেছে বার্সেলোনা- সংবাদমাধ্যমে এমন খবরে কাতালান ক্লাবটিতে চলছে চাপা উত্তেজনা। এই পরিস্থিতি সামাল দিতে বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ ক্লাবের সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে।

বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনএফসি। তারা জানিয়েছে, বার্সেলোনার চার অধিনায়ক লিওনেল মেসি, জেরার্দ পিকে, সের্হিও বুসকেতস ও সের্গি রবের্তো নিয়ে বৈঠক করলেন বার্সেলোনা সভাপতি। মিটিংটি স্থায়ী ছিল ৩৫ মিনিট। তাতে উপস্থিত ছিলেন মেসিদের নবনিযুক্ত প্রধান কোচ কিকে সেতিয়েন।

বার্তেমেউয়ের বিরুদ্ধে অভিযোগটা গুরুতর। তিনি নিজের স্বার্থে নাকি জনসংযোগ প্রতিষ্ঠান ভাড়া করে দলের খেলোয়াড়দের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছেন। অবশ্য, সে অভিযোগ অস্বীকার করে গত সোমবার বিবৃতি দিয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা। আর পরের দিন বার্তোমেউ সাংবাদিকদের জানান, আইথ্রি ভেঞ্চার্সের সঙ্গে চুক্তি বাতিল করেছে বার্সেলোনা।

ওই প্রতিষ্ঠানের কাজ ছিল বার্সা সভাপতি বার্তোমেউর ভাবমূর্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে উজ্জ্বল করা। বাড়তি দায়িত্ব যেসব বর্তমান ও সাবেক খেলোয়াড়ের সঙ্গে বার্তোমেউর সম্পর্ক ভালো নয়, তাদের বিরুদ্ধে কুৎসা রটানো। তাতে লিওনেল মেসি, জেরার্ড পিকে থেকে কার্লোস পুয়োল, জাভি হার্নান্দেজ, পেপ গার্দিওলারা কুৎসা রটনার শিকার হয়েছেন।

তাতে অশান্তি তৈরি হয়েছে বার্সেলোনার অন্দরমহলে। বেতাল পরিস্থিতি সামাল দিতে সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে মিটিং করলেন বার্তোমেউ।

ইএসপিএন জানিয়েছে, ওই প্রতিষ্ঠানের মাধ্যমে ফেসবুক, টুইটারে যে কুৎসার শিকার হয়েছেন তাতে কিছু করার ছিল না বার্সেলোনার।

একাধিক সূত্র জানিয়েছে, এ ঘটনার ব্যাখ্যা দেওয়ার বার্সেলোনা সভাপতির এই উদ্যোগের প্রশংসা করেছেন খেলোয়াড়রা। তবে পুরো পরিস্থিতি নিয়ে খেলোয়াড়দের মধ্যে অস্বস্তি রয়েই গেছে।

বার্সেলোনার সভাপতি হিসেবে বার্তোমেউয়ের ভবিষ্যৎ আগের যেকোনো সময়ের চেয়ে মেসি, পিকেদের ওপর বেশি নির্ভর করছে বলে সূত্রগুলোর দাবি। আসছে গ্রীষ্মে বার্সেলোনা ক্লাবের সভাপতি পদে নির্বাচন। দ্বিতীয়বারের মতো এই পদে লড়বেন বার্তেমেউ।