সাইফুল ইসলাম প্রকাশ সাইফুল্লাহকে (৩২) দীর্ঘদিন ধরে খুঁজছিল পুলিশ। অবশেষে মঙ্গলবার রাতে ধরা পড়লেন পুলিশের তালিকাভুক্ত এই মাদক ব্যবসায়ী।
গোপনে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এত দিন বাড়ির পাশের লাউক্ষেতে আস্তানা গেড়ে আত্মগোপনে ছিলেন সাইফুল ইসলাম।
তিনি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ গ্রামের কাপ্তান বাড়ির আব্দুল মজিদের ছেলে।
সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) সুমন বণিক জানান, অস্ত্র ও মাদক মামলাসহ মোট আট মামলার আসামি সাইফুল ইসলাম ওরফে সাইফুল্লাহকে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারের চেষ্টা করছিল পুলিশ।
গতরাতে গোপন সংবাদে খবর পেয়ে বাড়ির পাশের লাউক্ষেত থেকে ঘুমন্ত অবস্থায় তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি লোহার বাট যুক্ত একটি এলজি ও ২টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করে আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।