সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের তালুকদার বাজার এলাকার একটি পুকুরপাড় থেকে সাইদুল ইসলাম (৩৬) নামের এক যুবকের মাটিচাপা অর্ধগলিত লাশ পুলিশ উদ্ধার করা হয়েছে।
নিহত সাইদুল ইসলাম একই ইউনিয়নের মধ্য ভদ্রঘাট গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। গত ৯ দিন ধরে সে নিখোঁজ ছিল।
এ বিষয়ে কামারখন্দ থানার ওসি (তদন্ত) পলাশ চন্দ্র দেব জানান, সাইদুল ইসলাম গত ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে গত ৯ দিন ধরে সে নিখোঁজ ছিল। বুধবার ভোর রাতে কুকুর লাশটির একটি হাত মাটির নিচ থেকে টেনে তোলে। এতে তালুকদার বাজার এলাকার একটি পুকুরপাড় এলাকার আশপাশে বিকট পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। গভীর রাতে এলাকার লোকজন কাছে যেতে সাহস না পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কামারখন্দ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটি খুরে লাশটি উদ্ধার করে।
তিনি আরও জানান, মাটির উপরিভাগে উঠে আসা হাতের একটি আঙুল কুকুর কামড়ানোর ফলে থেঁতলানো অবস্থায় পাওয়া গেছে। তিনি জানান, এরপর খবর পেয়ে নিহতর পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে লাশের পরিচয় শনাক্ত করে। এ ভাবে নিখোঁজের ৯দিন পর সাইদুলের অর্ধগলিত লাশ বাড়ির পাশের তালুকদার বাজার এলাকার ওই পুকুরের পাড় থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, নিহত সাইদুলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার প্রতিপক্ষ গ্রুপের লোকজন পূর্ববিরোধের জের ধরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পূর্বপরিকল্পিত ভাবে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে ওই স্থানে মাটিচাপা দিয়ে পালিয়ে গেছে।
বুধবার লাশ ময়না তদন্তর জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বুধবার দুপুরে নিহতর বাবা বেল্লাল হোসেন বাদী হয়ে ৪ জনকে আসামি করে কামারখন্দ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।