লেনদেনের ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরিতে ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম (আইডিটিপি) সেবা ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
গতকাল সচিবালয়ে এক সভায় মন্ত্রিসভা কমিটি এ প্রস্তাব অনুমোদন দেয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এতে সভাপতিত্ব করেন।
সভা শেষে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতায় উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন অ্যাকাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্পের একটি প্যাকেজের অধীন ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম (আইডিটিপি) সার্ভিস নেওয়া হবে চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে। এতে ব্যয় হবে ৫৪ কোটি ৯৫ লাখ ৪৭ হাজার ৩৩৯ টাকা। কাজ পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো ওরিয়ন ইনফরমেটিকস লিমিটেড, মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেড, ফিনটেক সল্যুশন লিমিটেড ও সেইন ভেঞ্চারারস লিমিটেড (জেভি)।
আইডিটিপি মূলত একটি প্ল্যাটফর্ম সার্ভিস যার অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ব্যবহার করবে ফিনটেক প্রতিষ্ঠানগুলো। এতে অর্থ লেনদেন, স্থানান্তর, ই-কমার্স, এম-কমার্স, বিল পেমেন্ট, মার্চেন্ট পেমেন্ট, রেমিট্যান্স আদান প্রদান, মেশিন-টু-মেশিন পেমেন্ট ইত্যাদি করা যাবে।
আইডিটিপি বিভিন্ন পেমেন্ট সার্ভিস অংশগ্রহণকারীদের যেমন গ্রাহক, মার্চেন্ট, অর্থ প্রদান ও গ্রহণকারী, পেমেন্ট প্রসেসর, ই-ওয়ালেট, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, পেমেন্ট সিস্টেম অপারেটর এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনের একটি সেতুবন্ধ তৈরি করবে।
আইডিটিপি বাস্তবায়িত হলে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত হবে, যা কাগজের মুদ্রাবিহীন সমাজ গঠনে সহায়তা, অর্থ জালিয়াতি, মানি লন্ডারিং, সন্ত্রাসবাদে অর্থায়নসহ নানাবিধ আর্থিক অপরাধ রোধে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া ই-জিপি সিস্টেম উন্নয়ন প্রকল্পে পরামর্শক সেবায় ব্যয় হবে ৮৫ কোটি ১৭ লাখ ৪৯ হাজার ৩৫১ টাকা। ক্রয় কমিটি যৌথভাবে ভারতের জিএসএস ইনফো টেক লিমিটেড ও বাংলাদেশের নমিনেটেড সাব-কনসালট্যান্ট দোহাটেক নিউ মিডিয়াকে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে।
অর্থমন্ত্রী জানান, ‘মোংলা বন্দরের জন্য অত্যাবশ্যকীয় যন্ত্রপাতি/সরঞ্জাম সংগ্রহ’ প্রকল্পের আওতায় ১৪ সারির কন্টেইনারবাহী গিয়ারল্যাস জাহাজ হ্যান্ডলিংয়ের জন্য তিনটি মোবাইল হারবার ক্রেন ও এর আনুষঙ্গিক মালামাল সরবরাহের কাজ পেয়েছে ম্যাক্সন পাওয়ার লিমিটেড। এতে ব্যয় হবে ১২৫ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার ৩১৫ টাকা।