বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অগ্রাহ্য করে আইন বিভাগে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় বেসরকারি সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়। জরিমানার অর্থ বাংলাদেশ বার কাউন্সিলে জমা দিতে বলা হয়েছে। এছাড়া জরিমানার অর্থ কোনোভাবেই যাতে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া না হয়, সেটিও আদেশে উল্লেখ করা হয়েছে। ওই বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে এই অর্থ দিতে হবে।
২০১৪ সালের এপ্রিলে ইউজিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন বিভাগে প্রতি সেমিস্টারে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি নিতে পারবে না। গত বছর ১ অক্টোবর বাংলাদেশ বার কাউন্সিল নোটিসে জানায়, কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতি সেমিস্টারে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি নিলে তাদের নিবন্ধন (রেজিস্ট্রেন) দেওয়া হবে না। এরপর ১১টি বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থী বিভিন্ন সময়ে বার কাউন্সিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট আবেদন করেন। হাইকোর্ট বিভিন্ন সময়ে রুল জারি করে এবং শিক্ষার্থীদের বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেয়।
সিটি ইউনিভার্সিটির ২৫ শিক্ষার্থীর করা রিট আবেদনের প্রেক্ষিতে গত বছর ২৪ অক্টোবর হাইকোর্ট আইনজীবী হিসেবে তাদের তালিকাভুক্তির পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন ও ফরম পূরণের সুযোগ দিতে বার কাউন্সিলকে নির্দেশ দেয়। এ আদেশের বিরুদ্ধে বার কাউন্সিল আপিল বিভাগে আবেদন করলে গত ১৮ ফেব্রুয়ারি আদালত সিটি ইউনিভার্সিটির উপাচার্যকে তলব করে। এরই প্রেক্ষিতে গতকাল ওই ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শাহ-ই-আলম হাজির হন। শুনানি শেষে জরিমানার এ আদেশ আসে।