ঢাকা-১০ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের শফিউল ইসলাম মহিউদ্দিন ও বিএনপির শেখ রবিউল আলমসহ ছয়জন। আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গতকাল বুধবার বিকেল পৌনে ৩টার দিকে মহিউদ্দিন এবং এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে রবিউল আলম মনোনয়নপত্র জমা দেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে লড়তে শেখ ফজলে নূর তাপস ঢাকা-১০ আসন থেকে পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। উপনির্বাচনে অংশ নিতে আরও যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী এবং পিডিপির কাজী আবদুর রহিম। স্বতন্ত্র হিসেবে আ. মান্নান মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেননি।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বলেন, ‘আমি মানুষের কাছে যাব, মানুষ যদি আমাকে গ্রহণ করে, নির্বাচিত হব। রাজনীতি ও অর্থনীতি বিনির্মাণে যে সংযোগটুকু আছে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেসব অভিজ্ঞতা থেকে কর্মসংস্থান ও বিনিয়োগকে কীভাবে আরও গতিশীল করা যায়, সে চেষ্টা করব।’ তিনি বলেন, ‘আমরা ভাবতে চাই, একটি উৎসবমুখর অংশগ্রহণমূলক নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে এ এলাকার জনগণ তাদের পছন্দমতো নেতাকে বেছে নেবেন। আমি চাই, জনগণ ভোট দিতে আসুক।’
বিএনপির প্রার্থী রবিউল আলম বলেন, ‘নির্বাচন ব্যবস্থাপনা ভেঙে গেছে। এটা থেকেই রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। বিশ্বাসযোগ্যতা হারিয়েছে নির্বাচন। কমিশনের ভেতর সমস্যা রয়েছে। বেশকিছু প্রস্তাবনা আছে। যদি তা গ্রহণ করে কমিশন, তাহলে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া সম্ভব।’ তিনি বলেন, ‘জনগণ যদি ভোট দিতে পারে এবং গ্রহণযোগ্য নির্বাচন যদি সরকার ও কমিশন দিতে পারে, তাহলে আওয়ামী লীগের পরাজয় নিশ্চিত।’
ঢাকা-১০ আসনের রিটার্নিং কর্মকর্তা জি এম শাহাতাব উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘আজকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সাতজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। স্বতন্ত্র হিসেবে আ. মান্নান নামের এক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও তিনি দাখিল করেননি’ প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) একজন গতকালই মনোনয়নপত্র সংগ্রহ করেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছি। ভোটকেন্দ্র নির্ধারণ করেছি। এ আসনের ১১৭টি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হবে।’