ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিজিবি সদস্যদের বিরুদ্ধে

জয়পুরহাটের পাঁচবিবিতে এক ব্যবসায়ীর ২২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিজিবি সদস্যদের বিরুদ্ধে। গত বুধবার ভুক্তভোগী ব্যবসায়ীআবু তালিব জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, উপজেলার কয়া সীমান্ত এলাকার চাতাল ব্যবসায়ী বদিউজ্জামানের ছেলে জয়পুরহাট চেম্বারস অ্যান্ড কমার্সের সদস্য আবু তালিব তার বাবার ব্যবসা পরিচালনা করেন। গত সোমবার দুপুরে পাঁচবিবি জনতা ব্যাংকে সিসি অ্যাকাউন্টে ২২ লাখ ৫০ হাজার টাকা জমা দেওয়ার জন্য চাতালের কর্মচারী মোর্শেদকে পাঠান। কিছুক্ষণ পর মোর্শেদ ফোনে তালিবকে জানান, আটাপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা টাকার ব্যাগ তার থেকে ছিনিয়ে নিয়ে যায়।

পরে তালিব স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য লোকজন নিয়ে আটাপাড়া ক্যাম্পে যান। ডিউটিরত বিজিবির সদস্যের কাছে জানতে চান, কেন টাকা ছিনিয়ে নেওয়া হলো? ডিউটিরত বিজিবি সদস্য বলেন, ‘স্যার বাহিরে আছেন, আমি কিছু জানি না।’

অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে আটাপাড়া ক্যাম্পের দায়িত্বরত কমান্ডার নায়েক সুবেদার আবু সাঈদ বলেন, ‘ভারত সীমান্ত থেকে বালতি নিয়ে এক নারী নদীর পাড় দিয়ে গোসল করতে আসছিলেন। বিজিবি সদস্যদের দেখে তিনি বালতি রেখে পালান। তখন বিজিবি সদস্যরা বালতিতে একটি প্যাকেট দেখতে পান। পরে তা কাস্টমসে জমা দেওয়া হয়।’

জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।