ভোলায় ঠিকাদারদের সংবাদ সম্মেলন

এমপির বিরুদ্ধে ‘কমিশন বাণিজ্যের’ অভিযোগ

ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার ঠিকাদাররা ভোলা-৪ আসনের সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোলা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।

এতে অভিযোগ করা হয়, সাংসদ জ্যাকবকে বিভিন্ন কাজে ২০ ভাগ কমিশনসহ এবং বিভিন্ন মহলকে চাঁদা দিতে হয়। ওই কমিশন ও চাঁদা না দেওয়ার কারণে ভোলার ঠিকাদাররা চরফ্যাশন ও মনপুরায় কোনো উন্নয়নমূলক কাজ করতে পারছেন না।

ঠিকাদাররা আরও বলেন, এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব গত ১১ বছরে ব্যাপক দুর্নীতি, কমিশন বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম করে হাজার কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন।

ঠিকাদাররা এসব অন্যায় ও দুর্নীতির যথাযথ তদন্ত করে প্রধানমন্ত্রীর কাছে বিচারসহ তাদের উন্নয়ন কাজের সাইট বুঝিয়ে দেওয়ার দাবি জানান। তা না হলে তারা ভোলা এলজিইডি অফিস ঘোরাও, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করবেন।

প্রথম শ্রেণির ঠিকাদার রুহুল আমিন কুট্টি স্বাক্ষরিত লিখিত অভিযোগে সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত অক্টোবর মাস থেকে ১০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজের কার্যাদেশ নিয়েও কাজ শুরু করতে পারছেন না ঠিকাদাররা। জেলা অফিস থেকে কার্যাদেশ নিয়ে চরফ্যাশন ও মনপুরা উপজেলায় কাজ করতে গেলে স্থানীয় উপজেলা প্রকৌশলীরা ঠিকাদারদের কাজের সাইট বুঝিয়ে দিচ্ছেন না। প্রকৌশলীরা ঠিকাদারদের বলছেন, এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের কমিশনের টাকা পরিশোধ করে তার কাছ থেকে অনুমতি বা ‘সবুজ ছাড়পত্র’ না আনলে কাজ শুরু করতে দেওয়া হবে না। এসব অভিযোগে এর আগে গত ১০ ফেব্রুয়ারি ভোলা এলজিইডি কার্যালয় প্রাঙ্গণে ঠিকাদাররা বিক্ষোভ মিছিল করেন।

এ সময় ঠিকাদারদের মধ্যে রুহুল আমিন কুট্টি, জুলফিকার জুয়েল, আবু সায়েম, আবদুর রাজ্জাক, কাওসার হোসেন টুয়েল, আরিফুল আলম, ইলিয়াছ আহমেদসহ অর্ধশতাধিক ঠিকাদার উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে কথা বলতে সাংসদ জ্যাকবের দুই মোবাইল নম্বরে অনেকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।