মেয়েকে পরীক্ষাকেন্দ্রে নেওয়ার পথে প্রাণ গেল মায়ের

গাজীপুরের কালীগঞ্জে দাখিল পরীক্ষার্থী মেয়েকে কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে ইজিবাইক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক মা। গতকাল বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ-দোলানবাজার সড়কের পৈলানপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি আহত ওই পরীক্ষার্থীর।

নিহত সীমা বেগম খুকি (৪০) উপজেলার বাহাদুরসাদী এলাকার বাশাইর গ্রামের মো. ইব্রাহীম মোল্লার স্ত্রী। আর স্থানীয় একটি মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষা দিচ্ছিল আহত তাসমীম আক্তার (১৭)। স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, গতকাল সকাল ৯টার দিকে মেয়ে তাসমীমকে নিয়ে ইজিবাইকে করে কালীগঞ্জ পৌর এলাকার দুবার্টি এম. ইউ কামিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন সীমা বেগম। পথে পৈলানপুরে একটি কালভার্ট থেকে নামার সময় ইজিবাইকটির চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি খাদে পড়ে যায়। এতে মা-মেয়ে দুজনই আহত হন। পরে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা মা সীমা বেগমকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার এসআই বিশ্বজিৎ মিত্র দেশ রূপান্তরকে জানান, দুর্ঘটনার পরপরই ইজিবাইকটি রেখে পালিয়ে যায় চালক। পরে ঘটনাস্থল থেকে ইজিবাইকটি জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এদিকে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ আরও চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন। গত বুধবার গভীর রাত থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ময়মনসিংহের ভালুকায় দুটি ট্রাকের সংঘর্ষে চালকসহ দুজন, টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র ও মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত হয়েছেন। এছাড়া মানিকগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে দুই চালকসহ চারজন আহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরে : ভালুকায় দুটি ট্রাকের সংঘর্ষে নিহত ২ : ময়মনসিংহের ভালুকায় দুটি ট্রাকের সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গত বুধবার রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোব বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাশের জেলা নেত্রকোনার আমিরুল (৩০) ও শামীম (৩৫)।

স্থানীয়রা জানায়, নেত্রকোনা থেকে মুরগিবোঝাই একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। পথে ভরাডোবা এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় সেখানে থাকা বালুবোঝাই অন্য একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমিরুল ও শামীমের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত শামীমের বড় ভাই রুহুল আমীনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় ভরাডোবা হাইওয়ে পুলিশের টিআই মো. রফিকুল ইসলাম জানান, নিহত দুজনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

টাঙ্গাইলে বাসচাপায় কলেজছাত্র নিহত : টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুজন। গতকাল দুপুরে কালিহাতীর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ভূঞাপুর রিং রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইমন মিয়া (১৭) উপজেলার এলেঙ্গা রাজাবাড়ী এলাকার জুলহাস মিয়ার ছেলে ও স্থানীয় শামছুল হক কলেজের প্রথম বর্ষের ছাত্র। আহত শাওন মিয়া (১৮) ও আসিফ মিয়া (১৯) একই এলাকার বাসিন্দা।

টাঙ্গাইল জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুসফিকুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তিন বন্ধু মিলে মোটরসাইকেলে করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইমন মিয়া নিহত হন। আহত শাওন ও আসিফকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।

মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের : মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় হৃদয় মাতুব্বর (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বিকেলে সদর উপজেলার মধ্যপাঁচখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হৃদয় একই এলাকার ইদ্রিস মাতুব্বরের ছেলে।

স্থানীয়রা জানায়, গতকাল বিকেল ৫টার দিকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে হৃদয়ের। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. সওগাতুল আলম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

মানিকগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংষর্ষে আহত ৪ : মানিকগঞ্জের শিবালয়ে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ চারজন আহত হয়েছেন। গতকাল ভোর ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, তিনজন যাত্রী নিয়ে প্রাইভেটকারটি গাজীপুর থেকে গোপালগঞ্জে যাচ্ছিল। পথে স্থানীয় টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় পাটুরিয়া থেকে ছেড়ে আসা ট্রাকটির সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটিতে আগুন লেগে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।