চট্টগ্রামে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্মরণ করছে চট্টগ্রামের সর্বস্তরের জনতা।

বৃহস্পতিবার ১১টার পর থেকেই শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে বিভিন্ন সংগঠন ও সাধারণ লোকজন আসতে শুরু করে। নানা শ্রেণি-পেশার মানুষ স্লোগানে স্লোগানে মুখর করে তোলে শহীদ মিনার এলাকা।

পুলিশের সশস্ত্র অভিবাদনের মধ্য দিয়ে রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শহীদ মিনারে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, চট্টগ্রামের জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার।

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীও ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএফইউজে, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেস ক্লাব, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, বিভিন্ন রাজনৈতিক ও সহযোগী সংগঠনসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

শুক্রবার একুশের ভোরে প্রভাতফেরিতে আবারও মানুষের ঢল নামে চট্টগ্রামের এই শহীদ মিনার প্রাঙ্গণে। ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে নানা বয়সী মানুষের অর্পিত পুষ্পাঞ্জলিতে ভরে যায় শহীদ বেদি।

সকালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী, চট্টগ্রাম শিক্ষাবোর্ড, বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ, চট্টগ্রাম মহানগর মহিলা

আওয়ামী লীগ, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ, বাসদ, সিপিবি, হাজী মুহাম্মদ মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট,  লায়ন্স ক্লাব, খেলাঘর, শতায়ু অঙ্গন, অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, প্রমা, ছাত্রলীগ, উত্তর জেলা বিএনপিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও শিক্ষাপ্রতিষ্ঠান।