গ্রামীণফোন বিটিআরসিকে হাজার কোটি টাকা দেবে কাল

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) আগামী রবিবার এক হাজার কোটি টাকা পরিশোধ করবে মোবাইল অপারেটর গ্রামীণফোন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের এক দিন পর গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানায় প্রতিষ্ঠানটি। বিটিআরসির নিরীক্ষা দাবির সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে আদালতের নির্দেশনা অনুযায়ী এই এক হাজার কোটি টাকা পরিশোধ করবে গ্রামীণফোন।

বিবৃতিতে বলা হয়, গ্রামীণফোন বাংলাদেশের আইনি পদ্ধতিকে সম্মান করে। তবে বিটিআরসি গ্রামীণফোনের ওপর যে চাপ প্রয়োগ করেছে, সে বিষয়ে আদালতের সুরক্ষা প্রত্যাশা করছে তারা।

এর আগে গত বৃহস্পতিবার আপিল বিভাগ আগামী সোমবারের মধ্যে বিটিআরসিকে এক হাজার কোটি টাকা পরিশোধ করতে বলেছিল গ্রামীণফোনকে। একই সঙ্গে সোমবারের মধ্যে গ্রামীণফোনের রিভিউ আবেদনের ওপর আদেশের জন্য দিন ধার্য করে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ দিনটি ধার্য করে।

এর আগে গত বছরের ২৪ নভেম্বর দেশের সর্বোচ্চ আদালত বিটিআরসির নিরীক্ষা দাবির ১২ হাজার কোটি টাকার মধ্যে ২০০০ কোটি টাকা তিন মাসের মধ্যে বিটিআরসিকে পরিশোধ করতে সময় বেঁধে দিয়েছিল।