বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র ফেরানো ও খালেদা জিয়াকে মুক্ত করাই তাদের একুশে ফেব্রুয়ারির শপথ। মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘আজকের এই মহান দিনে আমরা শপথ গ্রহণ করছি, আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনব এবং খালেদা জিয়াকে মুক্ত করব। এটাই আজকের দিনে আমাদের শপথ।’
গতকাল সকাল ৬টায় বুকে কালো ব্যাজ পরে বিএনপি নেতাকর্মীরা রাজধানীর নিউমার্কেট এলাকায় বলাকা সিনেমা হলের সামনে জড়ো হন। পরে মহাসচিবের নেতৃত্বে আজিমপুর কবরস্থানে ভাষাশহীদদের কবর জিয়ারত করেন তারা। এরপর প্রভাতফেরি করে কেন্দ্রীয় শহীদ মিনারে যান দলটির নেতাকর্মীরা। সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ ছাড়া দিবসটি উপলক্ষে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছিল বিএনপি।
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব বলেন, ‘বাহান্নর ভাষা আন্দোলনের ওপর ভিত্তি করে আমাদের স্বাধীন একটি ভূখণ্ড তৈরি হয়েছে, আমরা একটি পতাকা পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে চেতনাকে ভিত্তি করে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই গণতান্ত্রিক চেতনাকে বর্তমান দখলদার সরকার হরণ করেছে। জনগণের ভোটের অধিকার হরণ করে, বেঁচে থাকার অধিকার হরণ করে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে একদলীয় একটি রাষ্ট্রব্যবস্থা তৈরি করার জন্য আজ সব ধরনের অপকৌশল করছে অগণতান্ত্রিক সরকার।’
তিনি বলেন, ‘যে গণতান্ত্রিক চেতনার ওপর ভিত্তি করে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল সে চেতনা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ কারাবন্দি। তাকে আজ অন্যায়ভাবে-বেআইনিভাবে সাজা দিয়ে কারাবন্দি করে রাখা হয়েছে। এ দেশের সংবিধান অনুযায়ী তার যে ন্যূনতম প্রাপ্য সেই জামিন তাকে দেওয়া হচ্ছে না।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সহসাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।