১৮ মাস পর বাড়ি ফিরলেন নিখোঁজ সেনা কর্মকর্তা হাসিনুর

নিখোঁজের ১৮ মাস পর বাড়ি ফিরেছেন চাকরিচ্যুত সেনা কর্মকর্তা লে. কর্নেল হাসিনুর রহমান। গত শুক্রবার রাত ১১টার দিকে তিনি তার মিরপুরের বাসায় ফেরেন বলে জানিয়েছেন স্ত্রী শামীমা আক্তার। তবে এই ১৮ মাস হাসিনুর কোথায় ছিলেন তা বলতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী বা তার পরিবারের সদস্যদের কেউই। গতকাল শনিবার দিনভর হাসিনুরের পরিবার, পুলিশ ও র‌্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নিখোঁজকালীন তার অবস্থানের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

স্ত্রী শামীমা আক্তার বলেন, ‘সে (হাসিনুর) কোথায় ছিল তা বলেনি, আমরাও জানতে চাইনি।’ পুলিশের ভাষ্য, হাসিনুর কোথায় ছিলেন সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। আর র‌্যাব কর্মকর্তারা এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।

হাসিনুর চট্টগ্রামে র‌্যাবের ৭ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের ৮ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন তিনি। নিখোঁজের পর তার স্বজনরা জানান, ওই দিন রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মিরপুরের ডিওএইচএস এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন লোক তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। এ ঘটনায় পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার।

হাসিনুরের সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে গত বছরের ১৭ আগস্ট বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্রাব) মিলনায়তনে সংবাদ সম্মেলনও করা হয়েছিল। জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছিল। তবে সংবাদ সম্মেলনে তার পরিবারের সদস্যরা দাবি করেন, হাসিনুর একজন দেশপ্রেমিক সৈনিক ছিলেন। তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

গতকাল হাসিনুরের স্ত্রী শামীমা আক্তার বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে কোনো একটা সময়ে তার বাসার কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দেখেন, হাসিনুর সামনে দাঁড়িয়ে। তার প্রেশার বেশি ছিল। প্রেশারের ওষুধ দেওয়া হয়েছে। এখন বিশ্রাম নিচ্ছেন। তিনি নিয়মিত চেকআপের মধ্যে ছিলেন অতীতে। তার নিয়মিত চেকআপের জন্য চিকিৎসকের কাছে নিতে হবে।

নিখোঁজের পর এতদিন হাসিনুর কোথায় ছিলেন তা জানতে চাইলে শামীমা বলেন, ‘হাসিনুর শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে বিপর্যস্ত। এত দিন তিনি কোথায় ছিলেন সে সম্পর্কে কিছু বলেননি। আমরাও জানতে চাইনি। তিনি ফেরত এসেছেন এটাই আমাদের পরিবারের জন্য বড় বিষয়। সবার কাছে দোয়াপ্রার্থী।’

নিখোঁজ হাসিনুরের বাসায় ফেরার ব্যাপারে জানতে চাইলে পল্লবী থানার ওসি নজরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘হাসিনুর রহমানের ফিরে আসার বিষয়টি তার স্ত্রী আমাদের ফোনে জানিয়েছেন। পরিবারের করা জিডিটি তুলে নেওয়ার জন্য থানায় আসার কথা রয়েছে তাদের।’

হাসিনুরের নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে করা জিডির তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই মনিরুল ইসলাম গতকাল সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, ‘শুক্রবার রাতে হাসিনুরের স্ত্রী শামীমা আক্তার আমাকে ফোন দেন। হাসিনুর সুস্থ আছেন বলে জানিয়েছেন। তবে তার চিকিৎসা প্রয়োজন বলে পরিবারের লোকজন জানিয়েছেন। তাই হাসিনুরকে চিকিৎসকের কাছে নিয়ে গেছেন তারা।’

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘এখনো তার (হাসিনুর) সঙ্গে দেখা করিনি। তিনি কিছুটা স্বাভাবিক হলে তার সঙ্গে কথা বলব। তিনি বাসার বাইরে আছেন। স্বজনরা তার সঙ্গে রয়েছেন।’ নিখোঁজের পর এই দীর্ঘ সময়ে হাসিনুর কোথায় ছিলেন তা জানতে পেরেছেন কিনা এমন প্রশ্নের জবাবে এসআই মনিরুল বলেন, ‘এ বিষয়ে কিছু জানা নেই।’

এদিকে নিখোঁজকালীন হাসিনুরের অবস্থান সম্পর্কে জানাতে পারেননি র‌্যাব কর্মকর্তারাও। এ ব্যাপারে একাধিক র‌্যাব কর্মকর্তার সঙ্গে কথা হলে তারাও বলেন, হাসিনুর কোথায় ছিলেন তা জানা নেই তাদের। তিনি ফিরে এসেছেন, এখন খোঁজখবর নেওয়া হবে। তবে এ ব্যাপারে নাম-পরিচয় উদ্ধৃত করে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি বাহিনীটির কোনো কর্মকর্তা।