বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন না হলে দেশের পরিস্থিতি এখনকার মতো চুপচাপ থাকবে না। হাইকোর্টে খালেদা জিয়ার জামিন শুনানির আগের দিন গতকাল শনিবার রাজধানীতে এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম।
এতে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘নেত্রীর জামিনের জন্য আমাদের আইনজীবীরা হাইকোর্টে আবেদন করেছেন। আদালত তার জামিন দিলে বিএনপি চুপ থাকবে। আর জামিন না দিলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নেমে আন্দোলনের মাধ্যমে নেত্রীকে মুক্ত করবে। আজকে যেরকম চুপচাপ শান্তশিষ্ট চতুর্দিকে কবরের শান্তি দৃশ্যমান হচ্ছেÑ প্রেক্ষাপট এমন থাকবে না।’
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘বাঙালি কোনো স্বৈরাচারকে সহ্য করেনি। ব্রিটিশকে বিদায় করেছে, পাকিস্তানিদের বিদায় করেছে, এবার বাঙালি স্বৈরাচারকে বিদায় করার সময় সমাগত।’
দেশের জনগণের উদ্দেশে সাবেক এই মন্ত্রী বলেন, ‘আপনারা রাজনৈতিক দলের দিকে তাকিয়ে থাকবেন না। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং আইনের শাসন কায়েম করা প্রত্যেকটা নাগরিকের অবশ্য কর্তব্য। যদি গণতন্ত্র চান, যদি সিকিমের অবস্থা থেকে মুক্তি পেতে চান, যদি একাত্তরের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে চান তাহলে দেশের জনগণকে রাজপথে নেমে আসতে হবে।’
মানববন্ধনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বর্তমান সরকারের পরিবর্তন অপরিহার্য।’
আয়োজক সংগঠনের সভাপতি কালাম ফরাজীর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, কেন্দ্রীয় নেতা বিলকিস ইসলাম, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতা রায়হান আল মাহমুদ, তরিকুল ইসলাম পলাশ প্রমুখ।