হাইকোর্টের মোড় এলাকায় গতকাল শনিবার ভোররাতে ওয়াসার বালুর ট্রাক আটকে চাঁদাবাজির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ।
আটক দুই শিক্ষার্থী হলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মো. আল আমিন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের জুবায়ের আহমেদ শান্ত। তারা দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল শাখা ছাত্রলীগের কর্মী।
শাহবাগ থানার ওসি আবুল হাসান আরও জানান, ভোররাত সাড়ে ৪টার দিকে হাইকোর্ট মোড় সংলগ্ন পানির পাম্প থেকে তাদের আটক করে পুলিশ। এই ঘটনায় শাহবাগ থানায় মামলা করেন ট্রাকটির সুপারভাইজর মো. সোহেল রানা। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ট্রাকচালক মো. কায়সার সাংবাদিকদের জানান, ভোররাত সাড়ে ৪টায় ঢাকা ওয়াসার বালু নিয়ে দয়াগঞ্জ থেকে তিনি শাহবাগ আসছিলেন। হাইকোর্ট মোড়ে আসার পর গাড়ির চাকা নষ্ট হলে রাস্তার পাশে পার্কিং করেন। এ সময় দুজন এসে গাড়ির কাগজপত্র দেখতে চান। একইসঙ্গে দশ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করেন। তার মোবাইল থেকে সুপারভাইজরকে আসতে বলেন। পরে সুপারভাইজর এলে তার মোবাইল কেড়ে মোবাইল ব্যাংকিংয়ে থাকা ১৯৫০ টাকা নিয়ে নেন। মেসেজও ডিলিট করে দেন। পরে টহল পুলিশ তাদের উদ্ধার করে। এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ অনুযায়ী তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে।