মহানন্দা তীরের পিকনিক স্পট বেআইনি : হাইকোর্ট

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ‘শেখ হাসিনা সেতু’ এলাকায় ‘পর্যটনকেন্দ্র’ ও ‘পিকনিক স্পট’ করার প্রকল্প বেআইনি ঘোষণা করেছে হাইকোর্ট। পাশাপাশি মহানন্দার জমির প্রকৃতি পরিবর্তন করে এ প্রকল্পের অনুমতি দেওয়া হয়েছিল কি না, তা তদন্ত করে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ জেড এম নুরুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনপ্রশাসন সচিবকে প্রয়োজনীয় পদক্ষেপও নিতে বলেছে আদালত।

স্থানীয় বাসিন্দা রাবেয়া বসরী এবং জাতীয় নদী কমিশনের দুটি আবেদন নিষ্পত্তি করে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ গতকাল রবিবার এ আদেশ দেয়।

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী ফাওজিয়া করিম। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ারেস-আল-হারুনী। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এইচআরপিবির পক্ষে শুনানি করেন মনজিল মোরসেদ। আর নদী কমিশনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী কাজী মুহাম্মদ এমদাদুল হক।

আইনজীবী মনজিল মোরসেদ বলেন,জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক জলাধার সংরক্ষণ আইন ‘লঙ্ঘন করে’ বাংলাদেশ পর্যটন করপোরেশনকে মহানন্দার জমিতে পর্যটন ও পিকনিক স্পট প্রকল্পের জন্য জমির প্রকৃতির পরিবর্তন করার অনুমতি দেন। এ বিষয়ে তার দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জে পর্যটনকেন্দ্র স্থাপনের ঘোষণা দেওয়ার কারণে তিনি এই অনুমতি দিয়েছেন। তবে আমরা আদালতে নথি উপস্থাপন করে দেখিয়েছি প্রধানমন্ত্রীর ঘোষণার আগেই জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক জমির প্রকৃতি পরিবর্তনের অনুমতি দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার কোনো কাগজপত্র তিনি আদালতে দেখাতে পারেননি। ফলে বিষয়টি প্রধানমন্ত্রীর গোচরে এনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জনপ্রশাসন সচিবকে নির্দেশ দিয়েছে আদালত। জমি অধিগ্রহণ করে বা মহানন্দার পাশে খাস জমিতে ওই প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।