তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি। সিনেমা আর পরিবার নিয়েই তার যত ব্যস্ততা। এখন কয়েকটি সিনেমার কাজ করছেন এই অভিনেত্রী। শাকিব খানের সঙ্গে নতুন সিনেমায় অভিনয় নিয়ে নতুন করে আলোচনায় তিনি। তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
শাকিবের বিপরীতে নতুন সিনেমা...
দীর্ঘ বিরতির পর সিনেমা প্রযোজনায় ফিরছেন আমাদের প্রিয় সহকর্মী অমিত হাসান। ২০১১ সালে তিনি নির্মাণ করেছিলেন ‘কে আপন কে পর’ সিনেমাটি। ৯ বছর পর আবারও তিনি প্রযোজনায় আগ্রহী হয়েছেন। নাম ঠিক না হওয়া তার সেই সিনেমায় অভিনয়ের ব্যাপারে আমার সঙ্গে তিনি কথা বলেছেন। এতে নায়ক হিসেবে শাকিব খানকে তিনি চূড়ান্ত করেছেন বলে জানিয়েছেন। চলচ্চিত্রটি পরিচালনা করবেন মেধাবী নির্মাতা শাহীন ও সুমন। যখন এ সিনেমার প্রস্তাব নিয়ে অমিত হাসান আমার কাছে আসেন, তখন আমাকে বলেছিলেন ১৩ বছর পর শাকিবের বিপরীতে তোমাকে দেখা যাবে। পপি ও শাকিব জুটিকে একসঙ্গে পেলে দারুণ কিছু হবে বলেই আশা করি। তার এমন কথায় আমি কাজ করতে সম্মতি দিয়েছি। তবে এখনো চুক্তিবদ্ধ হইনি। সময় হলে আমি আনুষ্ঠানিকভাবে এ ছবির ঘোষণা দেব। শাকিবের সঙ্গে ছবিটি হলে দারুণ কিছুই হবে। কারণ আমাদের করা ‘দানব সন্তান’, ‘দুজন দুজনার’, ‘হীরা চুনি পান্না’, ‘বস্তির রানী সুরাইয়া’সহ বেশিরভাগ সিনেমাই সুপারহিট। চিত্রনাট্য হাতে পেলে আসছে মে মাস থেকেই ছবিটির শ্যুটিং শুরু হবে। এটি কোরবানি ঈদকে টার্গেট করে নির্মিত হবে বলে জানিয়েছেন অমিত হাসান।
অনেক দিন পর অ্যাকশন সিনেমায়...
একটা সময় আমার ইমেজ হয়ে গিয়েছিল ঢালিউডের অ্যাকশন গার্ল। এরপর জীবনঘনিষ্ঠ সিনেমার প্রতি আমার আগ্রহ বাড়ে। সে সিনেমাগুলো আমাকে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দিয়েছে। ক্যারিয়ারকে পৌঁছে দিয়েছে অন্য এক উচ্চতায়। কিন্তু শিল্পী হিসেবে নানা ধরনের সিনেমা করতে আমার ইচ্ছে করে। অ্যাকশন সিনেমায় কাজের ইচ্ছা ছিল। অনেক দিন পর আবার অ্যাকশনধর্মী ছবিতে অভিনয় করছি। পরিচালক রকিবুল আলম রকিবের ‘ইয়েস ম্যাডাম’ ছবিতে আমাকে অ্যাকশন গার্ল হিসেবে দেখা যাবে। রোমান্টিক, ফ্যামিলি ড্রামা, অ্যাকশন, থ্রিলার সব ধরনের ছবিতে কাজ করতে চাই। তবে গল্প ও চরিত্রে ভিন্নতা থাকতে হবে। ‘ইয়েস ম্যাডাম’ তেমনই এক ছবি, যার গল্প ও চরিত্রে ভিন্নতা খুঁজে পেয়েছি। আশা করছি, দর্শক এ ছবিতে নতুন এক পপির দেখা পাবেন।
মুক্তির অপেক্ষায়...
আমি সর্বশেষ শ্যুটিং শেষ করেছি ‘সাহসী যোদ্ধা’ সিনেমার। এতে আমার বিপরীতে আছেন আমিন খান ও ইমন। এছাড়া হাতে আছে সেইভ লাইফ, যুদ্ধশিশু, কাঠগড়ায় শরৎচন্দ্র, কাটপিচসহ বেশকিছু সিনেমা। এর বাইরে কথা চলছে একাধিক ভালোমানের ওয়েব সিরিজে কাজের ব্যাপারে। সম্প্রতি অনন্য মামুনের ‘ইন্দুবালা’ ওয়েব সিরিজে আমার অভিনয় প্রশংসিত হয়েছে।