আবাসন খাতে বিনিয়োগ বৃদ্ধি

রূপায়ণের সঙ্গে কাজ করতে আগ্রহী সিডব্লিউইআইসি

যুক্তরাজ্যভিত্তিক সংস্থা কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল (সিডব্লিউইআইসি) বাংলাদেশের আবাসন খাতে বিনিয়োগের সুযোগ উন্মুক্ত করতে দেশের অন্যতম আবাসন ব্যবসায়ী প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের সঙ্গে কৌশলগত বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছে। গতকাল সকালে রাজধানীর মহাখালীতে রূপায়ণ গ্রুপের প্রধান কার্যালয় রূপায়ণ সেন্টারে গ্রুপটির চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুলের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের (সিডব্লিউইআইসি) ডেপুটি চেয়ারম্যান স্যার হুগো সোয়ায়ের কেসিএমজি।  তিনি বলেন, বাংলাদেশের আবাসন খাতে বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে রূপায়ণ গ্রুপের সঙ্গে কৌশলগত বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে যুক্তরাজ্যসহ কমনওয়েলথভুক্ত দেশগুলো থেকে বিনিয়োগ আকৃষ্টে কাজ করবে সিডব্লিউইআইসি। বৈঠকে সিডব্লিউইআইসির বাণিজ্য উন্নয়ন বিভাগের প্রধান আবদুল কাদির হামজা, বিএনও লুব্রিকেন্টসের সাহালউদ্দিন ইউসুফ ও রূপায়ণ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এক সময় ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল বিশ্বের এমন সব স্বাধীন রাষ্ট্রের সমন্বয়ে কমনওয়েলথ গঠিত, যার বর্তমান সদস্য ৫৪ দেশ। সিডব্লিউইআইসি কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে বাণিজ্যিক সংযোগ ঘটাতে কাজ করছে। বর্তমানে সিডব্লিউইআইসি ৯০টিরও বেশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে ২৭টি দেশ ও অঞ্চলে কাজ করছে। নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করার পাশাপাশি নানা আয়োজন ও প্রতিনিধিদের সফরের মাধ্যমে কমনওয়েলথের ৫৪ সদস্য রাষ্ট্রে বাণিজ্য সহজতর করার কর্র্তৃত্ব রয়েছে সিডব্লিউইআইসির। কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকারের সিদ্ধান্ত গ্রহণকারী কর্র্তৃপক্ষ ও ব্যবসায়িক প্রতিনিধিদের মধ্যে অর্থপূর্ণ সংযোগ ঘটিয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।