মোবাইল ফোন নেটওয়ার্ক কভারেজ ও উপজেলা ও গ্রামপর্যায়ে সেবার মান মূল্যায়নের পরিসর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি)।
গতকাল বুধবার এ বিষয়ে মনোনীত মহাসড়ক, জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়ক ও নির্বাচিত স্থানগুলোয় পরীক্ষা পরিচালনায় অংশগ্রহণে আগ্রহীদের কাছ থেকে প্রস্তাব চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এর আওতায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সারা দেশের মোবাইল নেটওয়ার্ক কভারেজ, সক্ষমতা ও সেবার মান মূল্যায়নে পরীক্ষা পরিচালনা করবে। এতে অংশ নিতে আগ্রহী প্রতিষ্ঠান বা জয়েন্ট ভেঞ্চার কোম্পানিগুলোকে ১৫ মার্চের মধ্যে আবেদন করার নির্দেশনা দিয়েছে বিটিআরসি। মে মাস থেকে অক্টোবর পর্যন্ত সময়ে সেবামান পরীক্ষা করা হবে। বিটিআরসির মানদ- অনুযায়ী আগ্রহী প্রতিষ্ঠানগুলোর এ বিষয়ে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সংস্থাটি আরও জানিয়েছে, এ কার্যক্রমে সহযোগিতার জন্য নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকে দক্ষ কর্মী, যানবাহনসহ অন্যান্য সহায়তা দেওয়া হবে।
বিটিআরসির এক কর্মকর্তা জানান, নেটওয়ার্ক কভারেজ ও সেবার মান পরীক্ষায় প্রথমবারের মতো আউটসোর্সিং করা হচ্ছে। এর আগে মেট্রোপলিটন শহরে স্বল্প পরিসরে সেবার মান পরীক্ষা করা হয়েছে। এখন বড় পরিসরে কাজ করার সিদ্ধান্ত হয়েছে। এ অবস্থায় বিটিআরসির সীমিত জনবল নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে পারবে না। তাই আউটসোর্সিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, আগ্রহীদের কাছ থেকে প্রস্তাবনা পাওয়ার পর সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য মূল্যায়ন কমিটির কাছে পাঠানো হবে।